রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (২৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে ডিবি পুলিশ পবা থানার সবসার গ্রামের মৃত ইনসান আলীর ছেলে মো. বাবু সরকারকে (৫৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাবু সরকারের বিরুদ্ধে পবা থানায় একটি মাদক মামলা রয়েছে।
একই দিন দুপুর সোয়া ৩টার দিকে ডিবি পুলিশ রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মোসা. খালেদা বেগম (২৮) ও মো. সজিব হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়। খালেদা বেগম ওই গ্রামের মো. আব্দুর রবের স্ত্রী ও মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে। সজিব হোসেন দাসপুকুর (পুকুরপাড়) গ্রামের মৃত চেরু মিয়ার ছেলে।
তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি ইয়াবা ট্যাবলেট ও ১২৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ জোতকান্দর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আব্দুল্লাহ আল সুইটের (২০) বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সুইট ও তাঁর ভাই মো. সাগর আলীকে (২১) গ্রেপ্তার করা হয়। সাগর আলী বর্তমানে শাহমখদুম থানার নতুন ফুদকীপাড়া মিয়াপুর গ্রামে বসবাস করেন। তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।