পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন মানুষের দুনিয়ার কর্মের হিসাব নেওয়া হবে এবং তার ভিত্তিতেই নির্ধারিত হবে পরিণতি।
পবিত্র কোরআনের ৮৮তম সুরা গাশিয়াহতে কিয়ামতের ভয়াবহতা, জান্নাত ও জাহান্নামের পরিণতি এবং আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে গভীর শিক্ষা দেওয়া হয়েছে।
গাশিয়াহ শব্দের অর্থ আচ্ছন্নকারী। সুরাটির শুরুতেই কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে মহাবিপর্যয় মানুষের সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবে। সেদিন কিছু মুখমণ্ডল হবে অবনত ও অপমানিত। তারা কঠোর পরিশ্রম করেও পরকালে শাস্তির মুখোমুখি হবে। অন্যদিকে কিছু মুখমণ্ডল হবে আনন্দোজ্জ্বল; তারা নিজেদের প্রচেষ্টার প্রতিদান হিসেবে জান্নাতে সন্তুষ্টি লাভ করবে। (সুরা গাশিয়াহ, আয়াত ১-১৬)
সুরাটির অন্যতম শিক্ষা হলো, মানুষের প্রতিটি কাজের পরিণতি রয়েছে। দুনিয়ায় অর্থ, পদমর্যাদা কিংবা সামাজিক পরিচয় সাময়িক সাফল্য এনে দিতে পারে। কিন্তু পরকালের মুক্তি নির্ভর করবে আল্লাহর প্রতি বিশ্বাস ও সৎকর্মের ওপর। তাই প্রত্যেক মানুষের উচিত নিজের কাজ পর্যালোচনা করা এবং অন্যায় থেকে ফিরে এসে নেক আমলে মনোযোগী হওয়া।
সুরা গাশিয়াহর ১৭ থেকে ২০ নম্বর আয়াতে মানুষকে উটের সৃষ্টি, আকাশের উচ্চতা, পাহাড়ের স্থাপন এবং পৃথিবীর বিস্তারের দিকে তাকিয়ে চিন্তা করতে বলা হয়েছে। এসব নিদর্শন মানুষকে সৃষ্টিকর্তার অসীম ক্ষমতা ও প্রজ্ঞা উপলব্ধির সুযোগ দেয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর স্রষ্টাকে চেনা এবং তার প্রতি কৃতজ্ঞ হওয়া মুমিনের দায়িত্ব।
সুরাটির শেষাংশে মহানবী মুহাম্মদ (সা.)-কে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তিনি উপদেশদাতা; মানুষের ওপর জবরদস্তিকারী নন। (আয়াত ২১-২২)
এ থেকে শিক্ষা পাওয়া যায়, মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে সুন্দর উপদেশ ও প্রজ্ঞার মাধ্যমে। কাউকে জোর করে পরিবর্তন করার চেষ্টা নয়, বরং সত্য তুলে ধরা ও কল্যাণের পথ দেখানোই দাওয়াতের মূল উদ্দেশ্য।
সুরা গাশিয়াহ মানুষকে পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেয়, সৃষ্টিজগৎ নিয়ে চিন্তা করতে শেখায় এবং মানবিক ও দায়িত্বশীল আচরণের শিক্ষা দেয়। এসব শিক্ষা জীবনে ধারণ করতে পারলে দুনিয়ার জীবন যেমন সুন্দর হবে, তেমনি পরকালের প্রস্তুতিও হবে অর্থবহ।