মৃত্যু হলো পরকালীন জীবনের প্রবেশদ্বার। শরীর ও আত্মার সামষ্টিক উপস্থিতির নাম জীবন। আর শরীর থেকে আত্মার বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বলা হয় মৃত্যু। তাই মৃত্যু সম্পর্কে জানতে হলে সবার আগে জানতে হয় আত্মাটা কী ? কি তার স্বরূপ ? 


আত্মা বা রূহের পরিচয় জানতে মানবকুল গলদঘর্ম সেই আদিকাল থেকে। জানাজানির এই পথ ধরে সৃষ্টি হয়েছে অনেক ধর্মের, জন্ম নিয়েছে বহু দর্শন। পরিণতিতে মনুষ্য সমাজ বিভক্ত হয়েছে, দ্বন্দ-সংঘাতে বিষাক্ত হয়েছে। 

মানবীয় অনুসন্ধান আত্মার স্বরূপ উদঘাটনে ব্যর্থ চিরকাল। আত্মার মহান স্রষ্টা আল্লাহ দিয়েছেন আত্মার আসল পরিচয়। এরশাদ হয়েছে,“তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। আপনি বলে দিন, রূহ হলো আমার রবের আদেশ মাত্র, আর এ বিষয়ে তোমাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে।(সূরা বানী ইসরাঈল: ৮৫)

আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (রহ.) লিখেছেন, ইমাম আহমাদ (রহ.) বলেন, অকী ...........আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ (সা.) এর সহিত মদীনার ক্ষেতের মধ্য দিয়া যাইতেছিলাম। রাসূলুল্লাহ (সা.) এর হাতে এক খানা খেজুর ডালের ছড়ি ছিল। চলিতে চলিতে তিনি ইয়াহুদীদের এক দল লোকের নিকট দিয়া আতিক্রম করছিলেন। তাহারা পরস্পর একে অন্যকে বলিল, তোমরা তাহার নিকট রূহ সম্পর্কে প্রশ্ন কর। কেহ কেহ বলিল, তাহাকে কিছুই জিজ্ঞাসা করিও না। 

রাবী বলেন, অতঃপর তাহারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করিল, তাহারা বলিল, হে মুহম্মদ! রূহ কি ? রাসূলুল্লাহ (সা.) লাঠির উপর ভর দিয়াই থাকিলেন। রাবী বলেন, আমি ধারণা করছিলাম এখন তাঁহার উপর অহী অবতীর্ণ হইবে। অতঃপর তিনি বললেন,  “তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। আপনি বলে দিন, রূহ হলো আমার রবের আদেশ মাত্র, আর এ বিষয়ে তোমাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে।(তাফসীরে ইবনে কাসীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩৬৫) 

সাইয়েদ কুতুব শাহীদ (রহ.) লিখেছেন, এ জাতীয় উত্তর প্রদানের মাধ্যমে মানুষের মেধা, চিন্তাশক্তি ও মননশীলতাকে বিকল করে ফেলা নয়; বরং এর মাধ্যমে মানুষের মেধা ও মননশীলতাকে নিজস্ব সীমারেখার মধ্যে থেকে কাজ করার শিক্ষা দেয়া হচ্ছে। যে সকল বিষয় মানুষের চিন্তা ও বোধশক্তির আওতার বাইরে সে সব বিষয় নিয়ে মানুষ, মাথা ঘামিয়ে নিজের মেধা ও শ্রমের অপচয় করুক এটা যুক্তিযুক্ত নয়। আত্মাও তেমনি একটি অদৃশ্য ও অতিন্দ্রীয় রহস্য। এই রহস্য সম্পর্কে সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ পাকেরই রয়েছে। 

তিনিই আত্মা নামক এই অতিন্দ্রীয় রহস্যটিকে মানুষসহ আরও অজানা বহু প্রাণীর দেহে স্থাপন করেছেন। আর আমরা সকলেই জানি যে, আল্লাহর অসীম ও নিরংকুশ জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান খুবই সীমিত ও নগণ্য। কাজেই এই গোটা বিশ্ব চরাচরের অসংখ্য রহস্য ও ভেদ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা মানুষের পক্ষে কখনও সম্ভব নয়। এই বিশাল জগতের পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার মানুষের হাতে ন্যস্ত নয়। কারণ তার শক্তি ও সামর্থ এই গুরুদায়িত্ব পালনে সক্ষম নয়। মানুষকে তার সীমিত শক্তি ও সামর্থ অনুযায়ী এবং তার আওতাধীন বিষয়াদির ব্যাপারেই দায়িত্ব দেয়া হয়েছে। কাজেই সে তার সীমিত জ্ঞান ও সামর্থ অনুযায়ীই আল্লাহর ইচ্ছা ও নির্দেশ মোতাবেক দুনিয়ার বুকে খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে যাবে।(তাফসীর ফী যিলালিল কোরআন, খন্ড: ১২, পৃষ্ঠা: ২৯১)

আত্মার পরিচয়ে পবিত্র কুরআনের তথ্যই চুড়ান্ত সত্য। অর্থাৎ আত্মা হলো, আল্লাহর নির্দেশ মাত্র। তবে শরীরের মধ্যে আত্মার অবস্থিতির ধরণ সম্পর্কে আমাদের সীমিত জ্ঞানের ক্ষুদ্র পরিসরে যতোটুকু অর্জন করা সম্ভব হয়েছে তা হলো, আত্মাকে বিদ্যুতের সাথে উপমেয় জ্ঞান করা যেতে পারে। বিদ্যুত যেমন দেখা যায়না কিন্তু তার উপস্থিতি তার শক্তির মাধ্যমে প্রমাণিত হয়। বিদ্যুত যেখানে থাকে, সেখানে যেমন তার শক্তিই তার উপস্থিতি প্রমাণ করে। তেমনি আল্লাহর হুকুম-রূহ যেখানে থাকে সেখানেই জীবন থাকে। পক্ষান্তরে রূহ না থাকলে জীবনও থাকেনা। এ বিষয়টা আল্লামা ইদরীস কান্ধলবী (রহ.) সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। 

তিনি লিখেছেন :
রূহের আকৃতি দৃশ্যত তাই, যেমন মানুষ। যেমন শরীরের চোখ-নাক, হাত-পা আছে, তেমনি রূহের চোখ-নাক, হাত-পা ইত্যাদি আছে। প্রকৃত মানুষ তো রূহ, আর এ দৃশ্যত শরীর রূহের জন্যে পোশাকের ন্যায়। শরীরের হাত রূহের হাতের জন্যে জামার আস্তিনের মতো এবং পদদ্বয় পায়াজামার অনুরূপ। 

আর মাথা টুপির ন্যায় ও চেহারা নেকাবের স্বদৃশ। এভাবেই কিয়াস (অনুমান) করা যায়।(সীরাতুল মুস্তফা, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯১) মোদ্দা কথা হলো সমগ্র শরীর জুড়েই থাকে রূহের অবস্থান। 
 

লেখক: পেশ ইমাম ও খুীব, রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদ।