রাজশাহীর গোদাগাড়ীতে শ্রী পাট খেতুরী ধামের তিরোধান উৎসবের আগে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ অক্টোবর রাত ৮টা ৪০ মিনিটে প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ধামসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. দুলাল মণ্ডল (৫২), মো. ওহিদ (৪৫), মো. রুহুল আমিন (২৩), মো. সাকিল আহমেদ (৩০), মো. আলী আকবর (৫৫), মো. হোসেন মাহবুব (৩৯), মো. রাজু (৩৬), মোহাম্মদ আলী পাগলা (৩৫) ও মো. শফিকুল ইসলাম (৬১)। তাঁদের বাড়ি রাজশাহী, ঢাকা, জামালপুর, মেহেরপুর, সিলেট, সিরাজগঞ্জ, দিনাজপুর ও নাটোর জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গোদাগাড়ীর প্রেমতলীতে শ্রী পাট খেতুরী ধামে মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল আবেদীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উৎসবস্থলের আশপাশে কয়েকজন পুরুষ নারীদের পোশাক, শাখা ও সিঁদুর পরে ছদ্মবেশে অবস্থান করছেন। তাঁরা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পরে এসআই জুয়েল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালান। এ সময় গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের খেতুর গ্রামের শ্রী পাট খেতুরী ধাম মন্দিরের প্রায় ১৫০ মিটার উত্তর-পূর্ব পাশে একটি নিমগাছের নিচ থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, তিরোধান উৎসবের দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।