রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি) এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের নৈয়মুদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪০) এবং একই উপজেলার নাতর গ্রামের ইমরান আলীর ছেলে মো. শাকিল (২৫)।
এসআরবি-৫ এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি অভিযানিক দল জানতে পারে, শিবগঞ্জ থেকে ঢাকাগামী রোকেয়া পরিবহনে দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য এস্কাফ বহন করছেন। পরে গোদাগাড়ী গোলচত্বর এলাকার একটি মুদি দোকানের সামনে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শহিদুল ইসলাম ও শাকিলকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁদের হেফাজত থেকে ১০০ বোতল এস্কাফ সিরাপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।