রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নাহিদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি)।
এসআরবি-৫ দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টা গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানাধীন নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর শাহমখদুম থানার সিহাবের মোড় এলাকার জাকিরের ছেলে।
অভিযোগে বলা হয়েছে, নাহিদ গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতেন। এ ছাড়া একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহমখদুম থানার সিহাবের মোড় এলাকার ভুগরইল পশ্চিমপাড়ায় ওই নারীর শ্বশুরবাড়িতে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এসআরবি-৫-এর একটি অভিযানিক দল আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এ সময় ধর্ষণ মামলার এজাহারে এক নম্বর আসামি হিসেবে উল্লেখিত নাহিদকে গ্রেপ্তার করা হয়।
পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।