ধান, চাল ও শাকসবজি উৎপাদনে উত্তরের জেলা নওগাঁর বিশেষ খ্যাতি রয়েছে। বাজারে আগাম জাতের শীতকালীন সবজি আসতে শুরু করেছে। তবে সরবরাহ কম থাকায় গত এক সপ্তাহে বেশির ভাগ সবজির দাম বেড়েছে। সবজির পাশাপাশি গত ১৫ দিনে চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্য এবং মাছ-মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

গত শুক্রবার (২৩ অক্টোবর) নওগাঁ সিএ অফিস খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, বেগুন ৬০-৮০ টাকা, পটল ৩০-৪০ টাকা, সিম ১১০-১২০ টাকা, করলা ৭৫-৮০ টাকা, শসা ৭০-৮০ টাকা, টমেটো ১৫০-১৬০ টাকা, গাজর ১৬০-১৭০ টাকা, বরবটি ৫৫-৬০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, কাঁচা মরিচ ৮০-১০০ টাকা ও মিষ্টিকুমড়া ৫০-৬০ টাকা।

এক সপ্তাহ আগে এ বাজারে প্রতি কেজি ফুলকপি ৬০-৭০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, পটল ৩০-৪০ টাকা, সিম ১০০-১১০ টাকা, করলা ৬০-৭০ টাকা, শসা ৬০-৭০ টাকা, টমেটো ১৯০-২০০ টাকা, গাজর ২০০-২১০ টাকা, বরবটি ৪০-৫০ টাকা, মুলা ৪০-৪৫ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০-৪৫ টাকায় বিক্রি হয়েছিল। এই সময়ে টমেটো ও গাজরের দাম কমেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে পেঁয়াজ গত ১৫ দিনে কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। সয়াবিন তেলের দাম ৫ টাকা বেড়ে এখন ২০৫ টাকা, আর মসুর ডাল ২০ টাকা বেড়ে ১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের দামও বেড়েছে। এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২০ টাকা বেড়ে ১৮০-১৮৫ টাকা। ২৬০-২৭০ টাকার সোনালি মুরগির দাম বেড়ে হয়েছে ৩০০-৩১০ টাকা। তবে লেয়ার মুরগির দাম কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে ৩৪০-৩৫০ টাকায় বিক্রি হওয়া লেয়ার মুরগি এখন ৩০০-৩১০ টাকা কেজি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৩০-৭৫০ টাকা কেজিতে।

সরবরাহ কিছুটা কম থাকায় সব ধরনের মাছের দামও বেড়েছে। এখন প্রতি কেজি সিলভার কার্প ১৬০-১৮০ টাকা, দুই কেজি ওজনের রুই ৩০০-৩২০ টাকা, মৃগেল ২১০-২২০ টাকা, দুই কেজি ওজনের কাতলা ৩৪০-৩৫০ টাকা ও পাঙাশ ১৭০-১৮০ টাকা। এক সপ্তাহ আগে সিলভার কার্প ছিল ১৪০-১৫০ টাকা, রুই ২৮০-৩০০ টাকা, মৃগেল ১৮০-২০০ টাকা, কাতলা ৩০০-৩২০ টাকা এবং পাঙাশ ১৫০-১৬০ টাকা কেজি।

গত ১৫ দিনে পাইকারি বাজারে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম ১০০-১৫০ টাকা বেড়েছে। এতে খুচরা বাজারে কেজিতে ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা-৫ জাতের চালের কেজি ৪৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০-৫১ টাকা, কাটারিভোগ ৭৭-৭৮ টাকা থেকে বেড়ে ৮০-৮২ টাকা এবং জিরাশাইল ৩ টাকা বেড়ে ৬৯-৭০ টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বাজারে সরবরাহ কম থাকা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ব্যবসায়িক সিন্ডিকেটের কথা বলছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

সিএ অফিস খুচরা বাজারের ক্রেতা এস এম ফিরোজ হোসেন বলেন, তিন-চার দিন আগে বেগুন কিনেছিলাম ৬০ টাকা কেজি, আজ সেই বেগুন ৮০ টাকায় কিনতে হলো। সিম, ফুলকপি, সবগুলোরই দাম বেশি। আমাদের আয় নির্ধারিত। জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, তাতে সংসারের খরচ চালানোই কঠিন হয়ে যাচ্ছে।

আরেক ক্রেতা আবু বক্কর সিদ্দিক বলেন, মুরগি আর মাছের দিকে তাকানো যাচ্ছে না। গরুর মাংস তো অনেক আগেই বাজার তালিকা থেকে বাদ দিয়েছি। যে ব্রয়লার গত সপ্তাহে কিনলাম ১৬০ টাকায়, আজ সেটা ১৮০ টাকা। দিন যত যাচ্ছে, দাম বাড়ছে। একবার কোনো কিছু বেড়ে গেলে আর কমে না। এই দেশ আমাদের মতো সাধারণ মানুষের না।

রিকশাচালক সোহরাব আলী বলেন, রিকশা চালিয়ে দিনে যা আয় হয়, তা দিয়েই সংসার চালাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের টিকে থাকা দায় হয়ে গেছে।

সিএ অফিস খুচরা বাজারের সবজি ব্যবসায়ী তোরাব আলী বলেন, কয়েক দিন আগে বাজারে সবজির আমদানি বেশি ছিল, তাই দাম কিছুটা কম ছিল। তিন-চার দিন ধরে আমদানি কম, তাই প্রতিটি সবজি কেজিতে ২০-২৫ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আমদানি বাড়লে সবজির দাম কমে যাবে।

মুরগি ব্যবসায়ী উজ্জ্বল হোসেন বলেন, তেলের দাম বাড়ার পর থেকেই মুরগির দাম বাড়তে শুরু করেছে। আগে যেখানে গাড়িভাড়া দিতে হতো ২ হাজার টাকা, এখন সেখানে দিতে হয় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা। এ ছাড়া খাদ্যের দামও এখন বেশি, তাই আমাদের বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। সব মিলিয়ে সবকিছুর খরচ বেশি হওয়ায় দামও বেশি হয়ে গেছে।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজারের ব্যবসায়ী মোহাম্মদ রেয়ান বলেন, মিল মালিকেরা সিন্ডিকেট করে বস্তাপ্রতি ১৫০-১৮০ টাকা করে বেশি নিচ্ছেন। না হলে আমাদের চাল দিচ্ছেন না। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। এ কারণে কিছু কিছু চালে ২-৩ টাকা করে দাম বেড়েছে। মিলারদের কাছে আমরা খুচরা ব্যবসায়ীরা জিম্মি হয়ে আছি।

দাম বৃদ্ধি ও সার্বিক বিষয়ে জানতে চাইলে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, শীতকালীন সবজির আমদানি কমে যাওয়ায় এখন দাম কিছুটা বেশি। আশা করা যাচ্ছে, এক মাসের মধ্যে সবজির দাম কমে আসবে। মাছ-মুরগির দামের বিষয়ে মনিটরিং করা হবে। অতিরিক্ত দাম নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।