আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা। তবে টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন। ৮৮টি টেস্ট খেলার পর গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন খাজা। সম্প্রতি তিনি ‘রিউমাটয়েড আর্থ্রাইটিস’ রোগে ভোগা এবং ক্যারিয়ারজুড়ে পঙ্গুত্ব বরণের শঙ্কা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
খেলোয়াড়ী জীবনের পুরো সময়েই ওই রোগের কথা গোপন রেখেছিলেন উসমান খাজা। মাত্র ২২ বছর বয়সে নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দলের অংশ হয়ে যখন নিজের ক্যারিয়ার উপভোগের শুরু, তখনই তার শরীরে ধরা পড়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস (একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ)। যা তার ক্রিকেটজীবন থমকে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। ওই সময় তার বাম হাঁটুতে অসহনীয় ব্যথার কারণ খুঁজতে চিকিৎসকরা যখন হিমশিম খাচ্ছিলেন, তখন হয়তো কোনো প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন বলে ভেবেছিলেন খাজা।
অস্ট্রেলিয়ান স্টোরি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী সাবেক এই অজি ওপেনার জানিয়েছেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম, আমি মারা যাচ্ছি। একজন অ্যাথলেট হিসেবে পেশাদার ক্রিকেট খেলছিলাম, অথচ এমন অবস্থা হয়েছিল যে বাথরুম পর্যন্ত ১০ মিটার হাঁটার সামর্থ্যও ছিল না। একজন মানুষ যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়েও পেশাদার ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেন, তাহলে আমার মনে হয় অন্য মানুষরাও অনেক কিছু অর্জন করতে পারবেন।’
উসমান খাজার ক্যারিয়ারের পুরোটা স্বস্তিকর ছিল না। ছিল বেশ ঘটনাবহুল। টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা পাকিস্তানে জন্মগ্রহণকারী এবং প্রথম মুসলিম ক্রিকেটার ছিলেন খাজা। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি দল থেকে বাদ পড়া খেলোয়াড়দেরও একজন তিনি। ক্যারিয়ারে আটবার দল থেকে বাদ পড়লেও প্রতিবারই ফিরে এসেছেন। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় প্রত্যাবর্তনটি ছিল ২০২২ সালে সিডনি টেস্টে, যখন ৩৫ বছর বয়সে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ৮৮ টেস্টে ৬ হাজার ২২৯ রান করেছেন খাজা, যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি। আন্তর্জাতিক ওয়ানডেতেও করেছেন দুটি শতক। ৪০ ম্যাচে ৪২ গড়ে করেছেন ১৫৫৪ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৯ ম্যাচে করেন ২৪১ রান। তিন ফরম্যাট মিলিয়ে ১৮ সেঞ্চুরি এবং ৪১টি হাফসেঞ্চুরি রয়েছে খাজার। ২০১১ সালের জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ার ৪১৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে ব্যাগি গ্রিন ক্যাপ পান।
ক্রিকেটের অন্দরমহলে নানা গুঞ্জন থাকলেও এত বছর ধরে রোগের বিষয়টি গোপন রাখতে পারা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খাজা নিজেই। ২০০৯ সালের অফ-সিজনে রোগটি ধরা পড়ার পর চিকিৎসক, কোচিং স্টাফ ও ক্রিকেট প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি জানিয়েছিলেন তিনি। তবে সতীর্থদের কাউকেই জানাননি। তার আশঙ্কা ছিল, বিষয়টি জানাজানি হলে তিনি বিশেষ সুবিধা পেতে পারেন, কিংবা অসুস্থতাকে তার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।