কিছুদিন পরপরই অস্থির হয়ে ওঠে পাকিস্তানের ক্রিকেট। মাঠের পারফরম্যান্সের চেয়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিতর্কিত সিদ্ধান্ত ও আচরণ। তবে মাঠের ক্রিকেটে বাবর-শাহিনরা যে ধারাবাহিক নন এটি সত্যি। সেই প্রসঙ্গ তুলে অল্প খ্যাতি পেলেই প্রতিভাবান ক্রিকেটাররা আর পরিশ্রম করেন না বলে দাবি করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের এক অনুষ্ঠানে হাজির হয়ে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন নাকভি। পিসিবি প্রধান বলেন, ‘আমি এমন অনেক ক্রিকেটার দেখেছি যারা একটু খ্যাতি পেলেই কঠোর পরিশ্রম করা ছেড়ে দেয়। এটি এমন এক খেলা যেখানে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। অথচ আপনার খুব ভালো খেলোয়াড়ও দলে এসে নিজেদের নষ্ট করে ফেলে।’

নাকভির প্রশ্ন, প্রায় ২৪ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে প্রতিভাবান খেলোয়াড়ের বিশাল ভাণ্ডার থাকা সত্ত্বেও জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের কেন মৌলিক দক্ষতা শেখাতে হয়। তিনি বলেন, ‘আমরা নিজেরাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। জাতীয় দলেও তাদের (ক্রিকেটার) সবকিছু শেখাতে হচ্ছে। কোচরা আমাকে বলতেন যে, তারা খেলোয়াড়দের অমুক-তমুক বিষয় শেখাচ্ছেন। অথচ আপনারা ২৪ কোটি মানুষের একটি জাতি। সেখান থেকে মাত্র ১৪ জনকে বেছে নেওয়ার পরও যদি তাদের সবকিছু নতুন করে শেখাতে হয়, তবে আর লাভ কী?’