রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক নম্বর পলাতক আসামি মো. নাহিদকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
গত ২৪ অক্টোবর বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানাধীন নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাহিদ রাজশাহীর শাহমখদুম থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি। তাঁর বাবার নাম জাকির। তিনি শাহমখদুম থানার সিহাবের মোড় এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের পর শ্বশুরবাড়িতে অবস্থানকালে ভুক্তভোগী ওই নারীর প্রতি কুনজর দেন নাহিদ। তিনি ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। অভিযোগ অনুযায়ী, নাহিদ গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন। এ ছাড়া একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
সর্বশেষ গত ১৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিহাবের মোড়ের ভুগরইল পশ্চিমপাড়া এলাকায় ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৫, রাজশাহী আসামির অবস্থান শনাক্তে কাজ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাইচ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে নাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটি সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারি, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।