রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ১০ বোতল এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) আরএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড় পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. কালু (৪৪) ও তাঁর স্ত্রী শরিফা বেগমকে (৪০) গ্রেপ্তার করে।
কালুর বসতবাড়ির দক্ষিণ পাশে নির্মাণাধীন বাড়ির সামনে বালুর স্তূপের মধ্যে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শরিফা দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে মাদক ব্যবসা করে আসছেন।
একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ খড়খড়ি বাইপাস মোড় থেকে নুর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। পুলিশের তথ্যমতে, নুরের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি এবং জুয়া আইনে একটি মামলা রয়েছে।
এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে মেহেরচণ্ডী উত্তরপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে পাভেলকে (২৯) গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নয়টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে, ২৩ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রামচন্দ্রপুর বৌ বাজার এলাকা থেকে শাহিন আলী ওরফে সদাকে (৩৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।