রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমতলা চর আষাড়িয়াদহ এলাকার একটি ফসলি জমি থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি অভিযান পরিচালনাকারী দল।

এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসির আভিযানিক দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আমতলা চর আষাড়িয়াদহ এলাকার একটি ফসলি জমিতে প্লাস্টিকের বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পড়ে রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে চারটি এয়ারটাইট পলিব্যাগ পাওয়া যায়।

পলিব্যাগগুলোতে হালকা বাদামি রঙের হেরোইনসদৃশ পাউডার ছিল। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মোট ১ হাজার ৬৭৭ গ্রাম বা ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক ও অস্ত্রের কারবারসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।