সুপার সাব’ তকমা পেছনে ফেলে এবার শুরুর একাদশে নিয়মিত হতে চান ফর্টিসের এই স্ট্রাইকার। স্বপ্ন দেখছেন জাতীয় দলে খেলারও। 

টিম হোটেল থেকে কুয়েতের আল হামাদ স্টেডিয়ামের উদ্দেশে রওনা হওয়ার আগেই সতীর্থদের বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলেছিলেন রাফায়েল টুডু, ‘কোচ যখনই নামান না কেন, গোল করেই হোটেলে ফিরব।’ সতীর্থদের কেউ হয়তো ভেবেছিলেন, নিছক আত্মবিশ্বাস থেকেই এমন কথা বলছেন তিনি। দু-একজন আবার কথাটির প্রমাণ রাখতে লিখেও রেখেছিলেন!

কয়েক ঘণ্টা পর কুয়েতের মাঠে সত্যিই কথা রাখলেন রাফায়েল। তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে করলেন দুর্দান্ত এক গোল। তাঁর সমতাসূচক গোলেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায় ফর্টিস এফসি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে জয়ের ইতিহাস গড়ে দলটি।

ম্যাচের ৬৭ মিনিটে রাফায়েলের সমতাসূচক গোলটি ছিল উপস্থিত বুদ্ধির অনন্য উদাহরণ। পা ওমর বাবুর পাস পেয়ে বক্সের ভেতর প্রথম ছোঁয়াতেই শট নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু বুটের স্পাইকে লেগে বলের সঙ্গে ঠিকমতো সংযোগ হয়নি। শরীরের ভারসাম্যও চলে যায় পেছনের দিকে। রাফায়েল বুঝতে পারেন, ঘুরে দাঁড়িয়ে শট নিতে গেলে প্রতিপক্ষের ডিফেন্ডার তা আটকে দিতে পারেন। তাই মুহূর্তের সিদ্ধান্তে নেন ব্যাকহিলের আশ্রয়। তাঁর সেই বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে পরাস্ত হন প্রতিপক্ষ গোলরক্ষক, বল জড়ায় জালে।

সেই মুহূর্তের কথা স্মরণ করে আজকের পত্রিকাকে রাফায়েল বলেন, ‘টানা দুই ম্যাচে দুই গোল করতে পেরেছি, অনুভূতি সত্যিই অসাধারণ। তবে তার চেয়েও বড় আনন্দ, এএফসি চ্যালেঞ্জ লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে আমাদের ক্লাব প্রথম জয় পেয়েছে।’

চাইলে এই ম্যাচে নিজের নামের পাশে জোড়া গোলও লিখিয়ে নিতে পারতেন রাফায়েল। শেষ দিকে শুকি ইতোফুসার নেওয়া শটটি যখন ধীরে ধীরে গোললাইন পেরোচ্ছিল, তখন সামনে সুযোগ ছিল পা ছুঁইয়ে গোলটি নিজের করে নেওয়ার। কিন্তু বাইরে থেকে সতীর্থরা তাঁকে বল স্পর্শ না করতে ইশারা করছিলেন। রাফায়েলও শেষ পর্যন্ত বল স্পর্শ করেননি।

নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েও সতীর্থকে গোল উপহার দেওয়ার এই মানসিকতা মুগ্ধ করেছে ফর্টিসের কোচকেও। রাফায়েলের কণ্ঠেও ঝরেছে নিঃস্বার্থ তৃপ্তি, ‘আমার নিজের গোল তো আগেই হয়ে গিয়েছিল। চেয়েছিলাম, ওর নামের পাশেও একটি আন্তর্জাতিক গোল যুক্ত হোক। কোচও ড্রেসিংরুমে আমাদের এই পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।’

অথচ এই টুর্নামেন্টের প্লে-অফ পর্বে ঢাকায় মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলার সুযোগই পাননি রাফায়েল। সেখান থেকেই ভেতরে ভেতরে জেদ চেপে বসে তাঁর। প্রথম লক্ষ্য ছিল নিজেকে ফিট রেখে ২৩ সদস্যের মূল স্কোয়াডে জায়গা করে নেওয়া, যাতে অন্তত বিদেশের মাটিতে গিয়ে খেলার সুযোগ মেলে।

টানা দুই ম্যাচে গোল করলেও আগের ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে হারের আক্ষেপ এখনো পোড়ায় ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে। সেই ম্যাচেও বদলি নেমে সমতা ফিরিয়েছিলেন তিনি। কিন্তু শেষ ১০ মিনিটে গোল হজম করে ২-১ ব্যবধানে হারতে হয় ফর্টিসকে।

রাফায়েলের কণ্ঠে তাই আক্ষেপ, ‘ওই ম্যাচে নিজের গোলের চেয়ে ম্যাচটা ড্র হলে অনেক বেশি আনন্দ পেতাম। ম্যাচটা ড্র করতে পারলে হয়তো ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের লড়াইয়ে আমরা টিকে থাকতাম।’

ঘরোয়া ফুটবল থেকে আন্তর্জাতিক মঞ্চ—সবখানেই বদলি নেমে গোল করার সুবাদে নামের পাশে জুটেছে ‘সুপার সাব’ তকমা। এবারের ফুটবল লিগে তিন ম্যাচে মাত্র ২১ মিনিট খেলার সুযোগ পেয়েও করেছেন দুই গোল। তবে এই পরিচয়ে আটকে থাকতে চান না রাফায়েল। শুরুর একাদশে নিয়মিত জায়গা করে নিয়ে ঘরোয়া লিগে গোলের ধারা অব্যাহত রাখাই এখন তাঁর লক্ষ্য।

আর সেই পারফরম্যান্স দিয়েই খুলতে চান দীর্ঘদিনের স্বপ্ন জাতীয় দলের দরজা। এ নিয়ে রাফায়েল বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলা পরের বিষয়, আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়াটাই বড়। সেই অপেক্ষায় আছি। সামনে লিগের অনেক ম্যাচ বাকি। পারফরম্যান্স আর গোল দিয়ে নজর কাড়তে চাই, যাতে জাতীয় দলের দরজা খোলে।’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাঁওতাল-অধ্যুষিত গ্রাম আমতলীপাড়া থেকে রাফায়েলের উঠে আসার গল্পটা সংগ্রাম আর অধ্যবসায়ের। বর্গাচাষি পরিবারের সন্তান হিসেবে যেখানে ফুটবল খেলাটাই ছিল বিলাসিতা, সেখান থেকে মাত্র ৭০০ টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। শুরুতে খেলতেন গোলকিপার হিসেবে। সময়ের পরিক্রমায় সেই তিনিই এখন স্ট্রাইকার—এশিয়ার মঞ্চেও যাঁর পা থেকে আসছে গোল।

পরিশ্রম, আত্মবিশ্বাস আর সুযোগের সদ্ব্যবহার—এই তিনের সমন্বয়ে রাফায়েল এখন এগিয়ে চলেছেন নতুন স্বপ্নের পথে। বদলি খেলোয়াড় হিসেবে গোল করে দলকে জেতানোর পরিচয় ছাড়িয়ে শুরুর একাদশের নিয়মিত মুখ হওয়া এবং একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোই এখন তাঁর পরবর্তী লক্ষ্য।