সার ডিলারদের মধ্যে সার বরাদ্দে অনিয়মের অভিযোগ তুলেছে বিএডিসি সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটি। বৈষম্যহীনভাবে ডিলারদের মধ্যে সমানভাবে সার বরাদ্দ দিতে তিন দফা দাবি জানিয়েছে কমিটি।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বিএডিসি সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কৃষিবিদ মোজাম্মেল কবির।

এ সময় বিএডিসি সার ডিলারদের পক্ষে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদাৎ হোসেন চঞ্চল, কৃষিবিদ লিয়াকত আলী প্রমুখ।
বিএডিসি সার ডিলারদের স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে যে তিনটি দাবি জানানো হয়েছে, সেগুলো—

সচিবালয়ের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের আদেশ অবিলম্বে মাঠপর্যায়ে ১০০ শতাংশ বাস্তবায়ন করতে হবে। বিএডিসি ও বিসিআইসি—উভয় প্রতিষ্ঠানের ডিলারদের সমানভাবে ইউরিয়াসহ সব ধরনের সার দিতে হবে।
যেসব কর্মকর্তা সরকারি আদেশ অমান্য করে বৈষম্য সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। সার বরাদ্দ ও বিতরণের হিসাব অনলাইনে প্রকাশ করতে হবে, যাতে কোনো ডিলার বঞ্চিত হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে।

মূল বক্তব্যে বলা হয়, ‘আমরা বিএডিসি সার ডিলার। ২০০৬-০৭ অর্থবছর থেকে আমরা সারা দেশে কৃষকের হাতে সার পৌঁছে দিচ্ছি। আমরাই মাঠপর্যায়ে কৃষকের সবচেয়ে কাছের মানুষ।

গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ দপ্তরে একটি দরখাস্ত দিয়েছিলাম। আমাদের দাবি ছিল একটাই—“সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর দ্রুত বাস্তবায়ন।”

আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে ১৫ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নং-১২.০০.০০০০, ০৩১.৪০.০০১.২৫-২২১-এর মাধ্যমে সুস্পষ্ট আদেশ জারি করা হয়।

সেই আদেশে পরিষ্কার বলা হয়েছিল, বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের মধ্যে বৈষম্যহীনভাবে সমান বরাদ্দ দিতে হবে। নীতিমালার ১.৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরিয়াসহ সব ধরনের সার সমানভাবে বিতরণ করতে হবে। এ জন্য আমরা প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকার চায় ন্যায়, সরকার চায় সমতা।

কিন্তু সমস্যা হলো মাঠপর্যায়ে বাস্তবায়ন নিয়ে। সচিবালয়ের আদেশ হওয়ার পরও মাঠপর্যায়ে কতিপয় অসৎ কর্মকর্তা সেই আদেশ মানছেন না। আমাদের কাছে অভিযোগ আসছে, তাঁরা বিসিআইসি থেকে সুবিধা নিয়ে বিএডিসি ডিলারদের সমান বরাদ্দ না দেওয়ার জন্য নানা ফন্দি-ফিকির করছেন।

নানাবিধ অজুহাত দেখিয়ে বরাদ্দ আটকে রাখা হচ্ছে। কখনো বলা হচ্ছে কাগজপত্র ঠিক নেই, কখনো বলা হচ্ছে গোডাউন খালি নেই।

বিএডিসি ডিলারদের এমনভাবে হয়রানি করা হচ্ছে, যাতে তাঁরা বরাদ্দ নিতে না আসেন। ফলে কৃষক সময়মতো সার পাচ্ছেন না। এ কারণে বাধ্য হয়ে বেশি দামে খোলাবাজার থেকে সার কিনতে হচ্ছে। আর বদনাম হচ্ছে সরকারের।

প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানাই, আপনারা যে আদেশ দিয়েছেন, সেটি মাঠপর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে একটু তদারকি করে দেখুন। সমস্যা কোথায়, তা খতিয়ে দেখুন। আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’