রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাহমখদুম থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ ও ২৩ অক্টোবর মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মুন্না (৩৬) ও জুলফিকার আকসান আকাশ (২৪)। মুন্নার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেপ্তার করে। তিনি চন্দ্রিমা থানার মুশরইল (বারো রাস্তার মোড়) গ্রামের মো. আজাদ আলীর ছেলে। বর্তমানে তিনি রাজপাড়া থানার টুলটুলিপাড়া এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা আটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, গত ২২ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকায় চেকপোস্ট অভিযান চালিয়ে জুলফিকার আকসান আকাশকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁর মান্দা থানার এনায়েতপুর (প্রসাদপুর এলাকা) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে তিনি শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।