আগামী এক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু মানুষের নির্দেশে কাজ করা প্রযুক্তি হিসেবে সীমাবদ্ধ থাকবে না। বরং ব্যক্তির হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম স্বয়ংক্রিয় এআই এজেন্টের বিশাল কর্মীবাহিনী গড়ে উঠতে পারে। এমনকি পৃথিবীতে মানুষের চেয়েও এআই এজেন্টের সংখ্যা বেশি হয়ে যেতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভবিষ্যৎবিষয়ক বিশ্লেষক মাইক ওয়ালশ।

আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই প্রযুক্তিগত রূপান্তরে ভারত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

মাইক ওয়ালশ বলেন, ‘সবচেয়ে আকর্ষণীয় পরিবর্তনটি হলো, শিগগিরই পৃথিবীতে মানুষের চেয়ে বেশি এআই এজেন্ট থাকতে পারে। চ্যাটজিপিটি ও অন্যান্য এআই সহকারীর মতো প্রযুক্তির মাধ্যমে আমরা এর প্রাথমিক লক্ষণ ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এই পরিবর্তন কীভাবে এগোবে, তাতে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠতে পারে।’

ওয়ালশ একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভবিষ্যৎবিষয়ক বিশ্লেষক। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রমে পরিবর্তন আনতে পারে, সে বিষয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের পরামর্শ দিয়ে থাকেন।

ওয়ালশের মতে, ভবিষ্যতের এআই এজেন্টগুলো মানুষের হয়ে শুধু কাজই করবে না, বরং নির্দিষ্ট সীমার মধ্যে আর্থিক লেনদেনও সম্পন্ন করতে পারবে।

তিনি বলেন, ‘এই ব্যবস্থাগুলো এআই এজেন্টকে প্রতিবার ব্যবহারকারীর অনুমতি ছাড়াই স্বল্পমূল্যের লেনদেন করার সুযোগ দেবে। এর মধ্য দিয়ে স্বয়ংক্রিয় ব্যক্তিগত এআইয়ের একটি সম্পূর্ণ ইকোসিস্টেম গড়ে ওঠার ভিত্তি তৈরি হবে।’

এ ধরনের প্রযুক্তি কার্যকর হলে দৈনন্দিন কাজ, ব্যবসা পরিচালনা এবং আর্থিক লেনদেনে মানুষের সরাসরি অংশগ্রহণের প্রয়োজন কমে আসতে পারে।