সোমবার সন্ধ্যায় পরিষ্কার হয়ে যাবে, এবারের ব্যালন ডি’অর কে জিতলেন। তবে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে লামিন ইয়ামালের হাতেই এই পুরস্কার উঠবে, এমন বিশ্বাস নিয়েই শুরু হয়ে গেছে উৎসবের পরিকল্পনা।

এফসি বার্সেলোনার অন্দরের খবর সম্পর্কে বেশ ভালোভাবে অবগত থাকা কাদেনা কোপ-এর সাংবাদিক ভিক্তর নাভারো জানান, লন্ডনে অনুষ্ঠানে যোগ দিতে মা-বাবা ও পরিবারের সদস্য, কাছের বন্ধুদের নিয়ে ব্যক্তিগত বিমান ভাড়া করেছেন। কাতালান ক্লাবের কর্মকর্তারা আলাদা ব্যক্তিগত বিমানে যাবেন লন্ডনে।

বর্ষসেরা ফুটবলার হলে উৎসবটা কেমন হবে, সেই পরিকল্পনা ইতোমধ্যে করে ফেলা হয়েছে। অথচ গত বছরও ব্যালন ডি’অর জিতলে প্যারিসে উদ্‌যাপনের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলেন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার জেতেন উসমান দেম্বেলে। ফলে থিয়েটার দ্যু শাতলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রাতেই ফিরতে হয়েছিল ইয়ামালকে। তবে তিনি সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ কোপা ট্রফি জিতেছিলেন।

ইয়ামালের আগাম উদযাপন প্রস্তুতি ফিরিয়ে আনছে ভিনিসিয়ুস জুনিয়রের স্মৃতি। ২০২৪ সালেও রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একই পরিকল্পনা করেছিলেন। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উদযাপনের জন্য ২০ জন আমন্ত্রিত অতিথি ছিলেন। শোনা যায়, তার প্রত্যেক ক্লাব সতীর্থকে রোলেক্স ঘড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

অনুষ্ঠানের দিন ব্রাজিলিয়ান তারকা তার সফরসঙ্গীদের জন্য আগেই একটি ব্যক্তিগত বিমান ভাড়া করেছিলেন এবং বিশেষ ডিজাইনের পোশাক ও হোটেলের কক্ষের ব্যবস্থা করেছিলেন। তার কিট সরবরাহকারী নাইকিও একটি স্বর্ণ-থিমের প্রচারণা এবং বিশেষ ফুটবল বুট প্রস্তুত করেছিল।

কিন্তু ভিনিসিয়ুসের স্বপ্ন ভেঙে রদ্রি হন বর্ষসেরা। পুরস্কার পাবেন না জানতে পেরে ওই অনুষ্ঠানেই যাননি তিনি ও তার রিয়াল প্রতিনিধিরা। তার অনুষ্ঠান বর্জনের ব্যাপারটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল।