রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর তেরখাদিয়া মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে গোলাম রশিদ রুদ্র (২৪) এবং মো. রাজনের ছেলে মো. অন্তর (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনসাধারণের হাতে আটক হওয়ার পর রাজপাড়া থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত দুই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।