রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চরশ্যামপুর বালুরঘাট এলাকার এক বাড়িতে হামলা, মারধরের চেষ্টা ও স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  ফরিদা নামে এক গৃহবধূ কাটাখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ফরিদার অভিযোগ, গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে তাঁর বাড়ির সামনে অবস্থানকালে দীর্ঘদিনের বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তাঁদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে অভিযুক্তদের মধ্যে দুজন তাঁকে লাঠি দিয়ে মারধরের চেষ্টা করেন। এ সময় তাঁর ছেলের বউ রূপার সহায়তায় তিনি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

পরবর্তীতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে অভিযুক্তরা তাঁদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা স্বর্ণের তিনটি মালা, এক জোড়া কানের দুল, রুপার পায়ের নূপুর, হাতের ব্রেসলেট, কাঁসার প্লেট, ঘড়ি, পানির বাটি, লোটা ও নগদ ৭১ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 

অভিযোগকারীর দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। ঘটনাটি স্থানীয় লোকজন দেখেছেন ও জানেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

ফরিদা জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এব্যাপারে কাটাখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।