ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানে তারা হারল নিউজিল্যান্ডের কাছে। এই ম্যাচে ব্যাটারদের ভরাডুবির মাঝে অবাঞ্ছিত এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
ভারতীয় ব্যাটিং তারকা ম্যাট হেনরির বলে আউট হন। চার বল খেলেও রানের খাতা ছিল শূন্য। তাতে করে ওয়ানডেতে ভারতের সর্বকালের সর্বোচ্চ ডাকের তালিকায় শচীন টেন্ডুলকারের পাশে বসলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে কোহলি ২০তম বার ডাক মারলেন। কোহলির এই অবাঞ্ছিত রেকর্ড হয়েছে ৩২১ ম্যাচে। শচীন ৪৬৩ ম্যাচ খেলে ২০তম ডাক মারেন। জাভাগাল শ্রীনাথ ১৯টি এবং অনিল কুম্বলে ও রোহিত শর্মা ১৮টি করে ডাক মেরে সেরা পাঁচে।
হেনরি ইনিংসের প্রথম বলেই রোহিত শর্মাকে আউট করেন। পঞ্চম বলে কোহলিকে ফেরানোর পরে শ্রেয়াস আইয়ারকে আউট করে ওভার শেষ করেন নিউজিল্যান্ড পেসার। শূন্য রানে প্রথম তিন উইকেট হারায় ভারত। ওয়ানডে ইতিহাসে ভারত প্রথমবার এমন কিছুর সাক্ষী হলো। যদিও ওয়ানডেতে শূন্য রানে প্রথম ৩ উইকেট হারানোর ঘটনা এ নিয়ে পঞ্চমবার দেখা গেছে। চলতি বছরেই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে এমন বিব্রতকর দিন দেখেছিল অস্ট্রেলিয়া। এ ছাড়া ২০০৩ সালে শ্রীরঙ্কার বিপক্ষে বাংলাদেশ, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান এবং ১৯৮৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ০ রানে প্রথম তিন উইকেট হারিয়েছিল।
এ নিয়ে দ্বিতীয়বার একই ওয়ানডেতে ডাক নিয়ে ফিরলেন রোহিত-কোহলি। ২০১০ সালে প্রথমবার ডাম্বুলায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হন ভারতীয় দুই অভিজ্ঞ তারকা। কোহলির আউট হওয়া বলটি অফস্টাম্পের বাইরে ফেলেছিলেন হেনরি। সেটি লেইট-সুইংয়ে বোঁকা বানিয়ে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের স্টাম্প ভেঙে দেয়।
উইল ইয়াংয়ের ১২৫ ও টিম সেইফার্টের ৫৮ রানের সুবাদে নিউজিল্যান্ড ৩৩৩ রান করে। তারপর হেনরির ছয় উইকেট। ভারত গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে।