সাবেক ব্যাটসম্যান উসমান খাজার আত্মজীবনীতে উঠে আসা নতুন অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। খাজার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল ঘষার পরিকল্পনার কথা জানতেন অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটার। তবে সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।

তার দাবি, পুরো বিষয়টি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে সংবাদ সম্মেলনে খাজার অভিযোগের জবাব দেন কামিন্স।

প্রায় ৬৮ মিনিট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। গত মঙ্গলবার প্রকাশিত খাজার আত্মজীবনীতে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নিয়ে বেশ কিছু দাবি করা হয়েছে।

সেখানে সাবেক এই ব্যাটসম্যান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন।
 

শুধু কেপটাউনের তৃতীয় টেস্ট নয়, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেছেন খাজা। তবে এসব অভিযোগ মানতে নারাজ কামিন্স।

‘সে যখন বলে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় মাঠে স্যান্ডপেপার নেওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে শতভাগ ভুল বলেছে। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি।’

‘আমি জানতাম না যে এমন কিছু ঘটছিল। কিন্তু উসমান আমার বিরুদ্ধে এর চেয়েও গুরুতর অভিযোগ করেছে।’ খাজার আত্মজীবনীতে নিজেকে বল টেম্পারিং পরিকল্পনার অন্যতম রূপকার হিসেবে তুলে ধরা হয়েছে দাবি করে কামিন্স বলেন, ‘সে বলেছে, আমি ও অন্যরা স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনা করেছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা।’

অস্ট্রেলিয়া অধিনায়কের দাবি, অবৈধ উপায়ে বলের অবস্থা পরিবর্তনের জন্য দলের মধ্যে কোনো পরিকল্পনাই হয়নি। ‘অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মূল পরিকল্পনা ছিল না। কোনো দলীয় সভা হয়নি। বোলাররাও কখনও বলেনি যে এভাবেই কাজটি করতে হবে।’