নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের নেতৃত্বে ৩ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার হুবুর মোড় থেকে ম্যারাথন দৌড়টি শুরু হয়ে নিতপুর পুরাতন বাজারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় তরুণসহ বিভিন্ন বয়সী দৌড়প্রেমীরা অংশ নেন।
দৌড় শেষে নিতপুর পুরাতন বাজারে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্যের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার জেলা কর্মপরিষদ সদস্য মো. নুর মোহাম্মদ।
বক্তব্যে মো. নুর মোহাম্মদ বলেন, নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শরিফুল ইসলামকে সমর্থন দিলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করা হবে।
নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম বলেন, “অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের আন্দোলনে আপনারা যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকবেন। আসন্ন নির্বাচনে আমাকে ভোট দিয়ে নিতপুরবাসীর সেবা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাই।”
এ সময় এনসিপির পোরশা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্তোজা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করায় শরিফুল ইসলামকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. ওসমান গনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।