রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ। গত ২০ ও ২১ অক্টোবর নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর দুপুর সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের সাদেকের ছেলে মো. আশাদুলকে (২৭) গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আশাদুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
এর আগে, ২০ অক্টোবর রাত পৌনে ১১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় খরবোনা নদীর ধার (বাজে কাজলা) গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে মো. রনি (৩৬) এবং মিনালের ছেলে মো. সেন্টুকে (৩১) গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২১ অক্টোবর সকাল ৭টার দিকে রাজপাড়া থানা পুলিশ নগরীর সিটি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মো. ওয়াজাতুল্লাহ ওয়াস্তিকে (২৬) গ্রেপ্তার করে। তিনি হেতেমখাঁ লিচুবাগান গ্রামের আইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নতুন বিলসিমালা বন্ধগেট এলাকায় বসবাস করেন। এ সময় তাঁর হেফাজত থেকে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।