বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। ভোটের মাত্র পাঁচ দিন আগে, ১৯ অক্টোবর পূজার ছুটির আগের শেষ কার্যদিবসের রাতে এই স্থগিতাদেশ আসে।

প্রার্থীদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থীর অবৈধ প্রভাবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতের কোনো আদেশ ছাড়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যা অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি স্মারকের ভিত্তিতে নির্বাচন বোর্ড ১৯ অক্টোবর নোটিশ জারি করে স্থগিতাদেশ দেয়। নোটিশে স্থগিতের কোনো কারণ উল্লেখ নেই।

প্রার্থীরা জানান, সিদ্ধান্তের আগে তাদের কোনো শুনানিও হয়নি। নোটিশটি নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের পরিবর্তে একজন সদস্যের স্বাক্ষরে জারি হয়েছে। এরপর টানা পাঁচ দিনের ছুটি থাকায় এই সময়ে প্রতিকার চাওয়ারও সুযোগ নেই।  

তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ ও ভোটকেন্দ্র নির্ধারণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। সমিতির ৪১৯ জন ভোটারের মধ্যে ১৭৯ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। তাদের অনেকে ইতোমধ্যে যাতায়াতের ব্যবস্থা ও হোটেল বুকিং করেছেন। শেষ মুহূর্তের স্থগিতাদেশে তারা আর্থিক ক্ষতি ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। প্রার্থীরাও তফসিল মেনে মাসের পর মাস প্রচারণায় বিপুল অর্থ ও সময় ব্যয় করেছেন, যা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রার্থীরা বলছেন, বারবার পরিবর্তন ও স্থগিতাদেশের পর ভোটারদের আবার ভোটকেন্দ্রে আনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।