আসন্ন পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে ডিলার নিয়োগে অনলাইন আবেদন পদ্ধতি চালু করেছে সংস্থাটি। নতুন ব্যবস্থায় ঘরে বসেই আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি অনলাইনে আবেদনের অগ্রগতিও জানতে পারবেন তারা।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি আবেদনকারীদের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই ও মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। পরে তদন্ত প্রতিবেদন পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটির কাছে।
ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ কমিটি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।
টিসিবির চেয়ারম্যান জানান, জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ কার্যক্রমের অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। তবে এখনো সব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি। এ কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আসন্ন রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি।
উল্লেখ্য, ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটির আশা, অনলাইন আবেদন, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং মূল্যায়ন কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একই সঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতিও জোরদার করা সম্ভব হবে।