ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ইউরোপিয়ান গোল্ডেন শুর লড়াইয়ে লুইস সুয়ারেজকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বার্সেলোনার দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমার। ব্রাজিলিয়ান তারকা নেইমার নিজেই জানিয়েছেন, ২০১৫-১৬ মৌসুমে সুয়ারেজের গোলসংখ্যা বাড়াতে তাঁরা দুজনই সবকিছু করেছিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছিলেন নেইমার। তাঁর সেই মন্তব্য নতুন করে সামনে এসেছে। ৯ নভেম্বর ‘মাদ্রিদ এক্সট্রা’ সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের বক্তব্যটি প্রকাশ করে।

নেইমার বলেন, ‘সুয়ারেজ যখন ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে গোল্ডেন বুটের লড়াই করছিল, তখন ওর গোল করার জন্য আমরা সবকিছুই করেছিলাম।’

২০১৫-১৬ মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে ছিলেন সুয়ারেজ। ৩৫ ম্যাচে ৪০ গোল করে জিতেছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি এবং ইউরোপিয়ান গোল্ডেন শু। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ৩৬ ম্যাচে ৩৫ গোল করেছিলেন রোনালদো।

মেসি, সুয়ারেজ ও নেইমারের ত্রয়ী—‘এমএসএন’—বার্সেলোনার হয়ে খেলেছেন ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত। মাঠে তাঁদের বোঝাপড়া ছিল অসাধারণ। নেইমারের ভাষ্য অনুযায়ী, তাঁদের সম্পর্ক কেবল স্বাভাবিক দলীয় সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; সতীর্থের গোল নিশ্চিত করতেও তাঁরা ব্যক্তিগত সুযোগ ছাড়তে প্রস্তুত ছিলেন। এর আগে সুয়ারেজও জানিয়েছিলেন, অনেক সময় মেসি ও নেইমার নিজেরা শট না নিয়ে তাঁকে গোল করার সুযোগ করে দিতেন।

২০১৫ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন এই তিন তারকা। ২০১৬ সালের গোল্ডেন শু ছিল সুয়ারেজের দ্বিতীয়। এর আগে ২০১৪ সালে রোনালদোর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতেছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড।