রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এছাড়াও ঢাবিতে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভাটারা থানার কর্তব্যরত অফিসার দেবাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা, কীভাবে আগুন দিল এখনও সেটি জানা যায়নি। তদন্ত শেষে বলা যাবে।

বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক তৈরি এবং নাশকতার উদ্দেশ্যে করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

টিএসসিতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।