বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা বসতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

আগামী রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, আগামী ১৫ নভেম্বর দুপুর দেড়টায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয় হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের থাকবেন। 

এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশ নেয়ার কথা রয়েছে। এরইমধ্যে সভায় অংশ নিতে সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে রোববারের সভা গুরুত্বপূর্ণ হতে পারে।

তবে কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং জাতীয়করণের ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়। রোববারের সভায় এসব বিষয়ে আলোচনা হতে পারে।