মাংস কেনা হয় শুধু দুই ঈদে। বেতনের টাকায় দুই বেলা খাবার জোগাড় করতেই কষ্ট হচ্ছে তার। একই এলাকার আরেক পোশাকশ্রমিক জামেলা খাতুনের দুই বছরে বেতন বেড়েছে মাত্র দেড় হাজার টাকা। অথচ এই সময়ে তার সংসারের খরচ বেড়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। স্বামী অসুস্থ হয়ে চাকরি হারানোর পর পাঁচ সদস্যের পরিবারের দায়িত্ব এখন তার একার কাঁধে।
আশুলিয়ার জিরাবো এলাকার একটি ছোট কলোনিতে বসবাসকারী এই শ্রমিকদের জীবনযাত্রার চিত্র দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বাস্তবতা তুলে ধরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারের খরচ সামলাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। আয় যে হারে বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে তার চেয়ে বেশি। ফলে খাবার, বাসাভাড়া, গ্যাস-বিদ্যুৎ ও চিকিৎসার খরচ মেটানোর পর পোশাক, গৃহস্থালি সামগ্রী কিংবা শৌখিন পণ্য কেনার মতো টাকা থাকছে না অনেকের হাতে।
প্রয়োজন ছাড়া কেনাকাটা বন্ধ করেছেন অনেকে। কেউ আবার আগের তুলনায় কম পণ্য কিনছেন। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের খুচরা বাজারে। ক্রেতার অভাবে বিক্রি কমেছে শপিং মল ও বিপণিবিতানগুলোতে। ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও ক্রেতা টানতে পারছেন না ব্র্যান্ডের পোশাকের দোকানিরা।
রাজধানীর বিভিন্ন শপিং মল ও বিপণিবিতানের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো দোকানে বিক্রি ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে। ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় দোকান চালানোর খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। কোথাও কর্মচারী ছাঁটাই করতে হয়েছে, কোথাও লোকসান সামলাতে না পেরে দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। এর বড় উদাহরণ রাজধানীর একসময়ের পরিচিত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটি। দীর্ঘদিনের লোকসান ও পরিচালন ব্যয় সামলাতে না পেরে গত ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে বিপণিকেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম।
ব্যবসায়ীদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং জ্বালানি সংকটের প্রভাব মিলিয়ে খুচরা বাজারে মন্দা তৈরি হয়েছে। এর সঙ্গে দোকান খোলা রাখার সময় কমে যাওয়ায় বিক্রির সুযোগও সংকুচিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের মজুরি যে হারে বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে তার চেয়ে বেশি হারে। গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ওই মাসে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৪ শতাংশে। বিপরীতে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৯০ শতাংশে নেমে আসে।
অর্থাৎ মানুষের আয় বাড়লেও প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়ছে না। বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ মেটাতে গিয়ে অন্য খাতে ব্যয় কমাতে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি উপকরণ ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি নির্ধারণের ঝুড়িতে থাকা ৩৮২টি পণ্যের মধ্যে ২০৩টির দাম বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির চাপ কমানো এবং মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সতর্ক থাকার সুপারিশ করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারছে না। জিনিসপত্রের উচ্চ দাম অনেক মানুষকে প্রয়োজনীয় পণ্য কেনা থেকেও বিরত রাখছে। আগে যারা পোলাওয়ের চাল কিনে খেতে পারতেন, এখন ২৫০ টাকা কেজি দামে সেই চাল কেনাও অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতিতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েছে। এতে শ্রমিকসহ সাধারণ মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোর পর অন্যান্য পণ্য কেনার সামর্থ্য থাকছে না।
তিনি বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানো জরুরি। তবে মজুরি নির্ধারণে শ্রমিক পরিবারের প্রকৃত ব্যয়, কর্মস্থল এলাকার জীবনযাত্রার খরচ, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। একই সঙ্গে দক্ষতা, প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়িয়ে ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের প্রতিযোগিতার সক্ষমতাও ধরে রাখতে হবে।