আন্তর্জাতিক অপেশাদার ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। আজ ২২ অক্টোবর ২০২৬ রাজধানীর দ্য ওয়েস্টিনে কেক কেটে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপের ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আয়োজক এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোশাররফ এবং গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়াসহ অনেকে।

আয়োজনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এমন আয়োজন প্রবাসীদের জন্য দারুণ আয়োজন। যারা আমাদের রেমিট্যান্স পাঠায়, তাদের জন্য এমন আয়োজন তাদেরকে উৎসাহিত করবে।’

তিনি আরও বলেন, ‘৩০টি দেশের ক্রিকেট ক্লাবকে সম্পৃক্ত করে এই টুর্নামেন্টের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করবে। খেলাধুলাকে কেন্দ্র করে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও দেশের ক্রিকেটারদের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হামজা চৌধুরীরা যেমন বাংলাদেশ ফুটবলের ইমেজ সমৃদ্ধ করেছে। আমরা আশা করি, প্রবাসীদের মধ্যে কেউ জাতীয় ক্রিকেট দলে খেলবে এবং ইমেজ বাড়াবে।’

এবি মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশের বিশাল যুবসমাজকে সঠিক প্রশিক্ষণ ও দক্ষতার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে হবে। প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিদের আন্তর্জাতিক যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে।’

এ সময় তিনি আরও জানান, টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়া ও ফাইনাল ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ফাইনালে গালা নাইটে বলিউড তারকা শাহরুখ খান অংশ নেবেন বলে জানান তিনি।

এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্জন মোসাররফ বলেন, ‘অনেক পরিশ্রমের পর আজকের এই দিনটি এসেছে। বর্তমান সরকার অনেক বেশি ক্রীড়াবান্ধব।’ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ দেন। ভালোভাবে টুনামেন্ট শেষ করতে আইসিসি ইভেন্ট ম্যানেজারের সাথে আয়োজকদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

বাংলাদেশের ওয়ানডের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি বলেন, ‘৩০টি দেশকে সম্পৃক্ত করে এমন একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে আয়োজনের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করতে পারলে এটি একটি ভালো উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।’