আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের স্ট্রাইকিং সমস্যা প্রকট। সেই সমস্যা কাটাতে এবার ইংল্যান্ড প্রবাসী ফুটবলার মাহে খানকে নির্ভরতা মনে করেছিলেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। সরাসরি তাকে ২৮ জনের চূড়ান্ত দলে রেখেছিলেন। তবে আজ ভুটানের বিপক্ষে ২৩ জনের স্কোয়াডে মাহে খান নেই, দলীয় সূত্রে এমনটিই জানা গেছে।

এবার সাফ ফিফা উইন্ডোর বাইরে একাধিক ম্যাচ পড়েছে। দলগুলোকে সুবিধা দেয়ার জন্য সাফ ২৮ জনের চূড়ান্ত তালিকা করেছে। এই ২৮ জনের মধ্যে থেকে খেলার দিন ২৩ জনের তালিকা দিতে হয়। সেই তালিকায় শেখ মোরসালিন, মাহে খান ও সোহেল রানা নেই বলে জানা গেছে। হামজা চৌধুরি ও ফারহান আলী ওয়াহিদ এখনো দলের সঙ্গে যোগ দেননি।

রোনান সুলিভান ইনজুরির জন্য বাংলাদেশে আসবেন না। তাই স্ট্রাইকিং পজিশনে অন্যতম ভরসা ছিলেন মাহে খান। সেই মাহে খানকে একাদশ তো দূরের কথা, ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডেও রাখেননি কোচ ডুলি। কেন এমন সিদ্ধান্ত নিলেন সেটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। মোরসালিন ও সোহেল রানা অসুস্থতাজনিত কারণে পুরোপুরি ফিট নন। দলের বাইরে কয়েক দিন তারা আলাদা রানিং ও অনুশীলন করেছেন।

ঘরোয়া ফুটবলে ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু নিয়মিত গোল করেছেন। এরপর এএফসি চ্যালেঞ্জ লিগেও তিনি দুই গোল করেছেন। এমন ধারাবাহিক সাফল্যের পরও কোচ ডুলি টুডুকে ডাকেননি। ১৮ অক্টোবর ২৮ জনের তালিকা তিনি ফেডারেশনকে দিয়েছিলেন। সাফের ডেডলাইন থাকলেও ফেডারেশন সেটা জমা দেয়নি। এরপর তাজ উদ্দিন ও আব্দুল্লাহ সজীবকে ডাকলেও রোনান আসছেন না, এরপরও টুডুকে ডাকেননি ডুলি।