সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে উত্তরাখণ্ডের হয়ে খেলতে নেমে মাত্র ১৪ বলে অপরাজিত অর্ধশতক করে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের অলরাউন্ডার প্রেমা রাওয়াত।

পুনেতে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে রাওয়াত ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে উত্তরাখণ্ডকে ২ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ এনে দেন। ১৮তম ওভারে ক্রিজে এসে তিনি মিডিয়াম পেসার সাক্ষী রাওয়ের বলে টানা তিনটি চার মারেন। এরপর অফস্পিনার ভাঙ্কা পূজার এক ওভারে তোলেন ১৮ রান।

ইনিংসের শেষ ওভারে কুঞ্চালা নিতীশাকে টানা চার বলে ৬, ৪, ৪, ৬ মেরে নিজের রেকর্ডগড়া ফিফটি পূর্ণ করেন রাওয়াত। অপর প্রান্তে রাঘভি বিস্ত ৫০ বলে অপরাজিত ৭২ রান করেন।

এর আগে নারী টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ১৫ বলে। ২০২২ সালে ওয়ারউইকশায়ারের হয়ে মারি কেলি, ২০২৬ সালে পাকিস্তানের ফাতিমা সানা এবং ২০২৫ সালে ওটাগো ও ২০২৬ সালে সারের হয়ে লরা হ্যারিস এই কীর্তি গড়েছিলেন।

বল হাতেও উজ্জ্বল ছিলেন ২৪ বছর বয়সী রাওয়াত। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ ৮ উইকেটে মাত্র ৯৮ রান করতে সক্ষম হয়। রাওয়াত ১২ রান দিয়ে ২ উইকেট নেন, যার মধ্যে ছিলেন ওপেনার জি কাব্যাস্রী ও এন ক্রান্তি রেড্ডি।

চলতি বছরের জুনে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় প্রেমা রাওয়াতের। এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি নিয়েছেন সাত উইকেট। বিশেষ করে এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। 

রাওয়াত ২০২৫ ও ২০২৬ মৌসুমে উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। টুর্নামেন্টে ছয় ম্যাচে তার শিকার তিন উইকেট। ২০২৭ মৌসুমের আগেও তাকে দলে ধরে রেখেছে আরসিবি।