উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর সঙ্গে কোনও শত্রুতা নেই উল্লেখ করে যৌথ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার তাগিদ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার এক বার্তায় তিনি জানান, বিদেশি কোনও সামরিক উপস্থিতি ছাড়াই অঞ্চলের দেশগুলোর নেতৃত্বে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে সৌদি আরবের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আরাঘচি লিখেছেন, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর প্রতি আমাদের কোনও শত্রুতা নেই। আমরা কাতার ও ওমানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করি এবং সৌদি আরবের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো এই অঞ্চলের দেশগুলোর নিজেদের দ্বারা প্রতিষ্ঠিত একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পৌঁছানো, যা যেকোনও বিদেশি সামরিক উপস্থিতি থেকে মুক্ত থাকবে।
দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, তেহরান সফরে আসা সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে এই আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ফের কোনও হামলা চালালে অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য মার্কিন লক্ষ্যবস্তুতে ইরান পাল্টা আঘাত হানবে বলে সতর্ক করেন তিনি।