যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ না বাধুক চায় সংযুক্ত আরব আমিরাত। তবে যদি কোনো কথায় যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে দেশটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।

সোমবার (২ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস এ কথা জানান। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা আমরা এই সংঘাতে কূটনৈতিক ব্রেকথ্রু দেখতে পাব। এই অঞ্চল আরেক দফা যুদ্ধে যেতে চায় না। তবে আমরাও, যেমনটা আমরা আগে দেখিয়েছি, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।”

গত সপ্তাহে ইরানের রাজধানী তেহরানে যান কাতারের প্রতিনিধিরা। ওই সময় ইরানি প্রতিনিধিদের দোহায় নিতে সম্মত হন তারা। এরপর গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ইরানিরা দোহাতেই ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধ শুরু হয়। এ সময় বাহরাইন, কুয়েত ও আমিরাতেও ব্যাপক পাল্টা হামলা চালায় ইরানি বাহিনী। এরমধ্যে আমিরাতে সবচেয়ে বেশি ড্রোন ও মিসাইল ছোড়া হয়। কারণ আমিরাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইরানে সরাসরি হামলায় জড়িত ছিল। যদিও দেশটি এ অভিযোগ অস্বীকার করে আসছে শুরু থেকে।

ইরান এবারও আমিরাতসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোকে হুশিয়ারি দিয়েছে। যদি তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো ধরনের সহায়তা করে তাহলে তাদের পাল্টা হামলার মুখোমুখি হতে হবে।

আশঙ্কা করা হচ্ছে আগামীকাল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন হামলা শুরু করতে পারে মার্কিন বাহিনী।