ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। আর চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য দিতে হবে ১০ হাজার টাকা।

তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে সড়কে চলাচলকারী রিকশা এখনই বন্ধ হচ্ছে না। পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে এসব যানবাহন।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না। তবে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্সের আওতায় আনা হবে। এ বিষয়ে পরে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।

নীতিমালায় দুই ধরনের ই-রিকশার নিবন্ধন ও নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে। দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং নবায়ন ফি ৫ হাজার টাকা। ফিটনেস যাচাই সাপেক্ষে এসব রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। নিবন্ধনের আগে চলমান রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে।

এ ছাড়া নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সিটি করপোরেশনের নাম ও চলাচলের জোনসহ প্রয়োজনীয় তথ্য কিউআর কোডে সংরক্ষণ করা হবে। চালকদের পরিচয় নিশ্চিত করতে দেওয়া হবে পরিচয়পত্র।

নীতিমালায় ই-রিকশার জন্য নির্দিষ্ট স্থানে চার্জিং স্টেশন স্থাপনের অনুমোদনের কথাও বলা হয়েছে। সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জের ব্যবস্থা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।

ই-রিকশার ভাড়া নির্ধারণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথ আলোচনার মাধ্যমে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করবে।

নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে বসে অগ্রগতি জানানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।