বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি মৃত্যুর দিন রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান। সঙ্গে ছিলেন বন্ধুস্থানীয় ছোট ভাই দীপ ও একজন তরুণী। বারে তখন চলছিল সাধারণ মিউজিক। হঠাৎ করে স্যাড মিউজিক চালাতে বলেন তাহসিফ।

এরপর ওই তরুণীকে তিনি বলেন, ‘কাজটা তুমি ঠিক করোনি।’ এর প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান তারা। পুরোটা সময় তাহসিফের মন খারাপ ছিল।

তদন্ত সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জাগো নিউজকে এ তথ্য জানায়।

বারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাহসিফ এর আগেও একাধিকবার নারী নিয়ে ওই বারে গেছেন। একদিন সেখানে তিনি বারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে মিথ্যা পরিচয়ও দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, সেই রাতে তাহসিফের মন খারাপ ছিল তার সঙ্গে থাকা তরুণীর কারণে। ওই তরুণী অন্য একটি ছেলের সঙ্গে সময় কাটানোয় তাহসিফের মন খারাপ, একই সঙ্গে রাগও ছিল।

তিনি জানান, বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটানোর পর দীপকে সঙ্গে নিয়ে তাহসিফ যান টঙ্গী মাজার বস্তি এলাকায়। এলাকাটি মাদক সেবন ও মাদক বিক্রি করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই স্থানে প্রায়ই অভিযান পরিচালনা করে। তাহসিফ ও দীপ মাদকসংক্রান্ত বিষয়ে সেখানে গিয়ে থাকতে পারেন, এমন কিছু ক্লু পাওয়া যাচ্ছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

অন্য একটি সূত্র বলছে, দীর্ঘদিন ধরে তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। একটি বিষয় কেন্দ্র করে সেদিন তারা বারে যান। এরপর তাহসিফ ওই তরুণীকে বলেন, ‘কাজটা তুমি ঠিক করোনি।’