ভূত, প্রেতাত্মা কিংবা ভয়ংকর সব সাজসজ্জা; সব মিলিয়েয যেন এক অন্য রকম উৎসব হ্যালোইন। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে উদ্যাপিত হয় উৎসবটি।
এদিন নানা ধরনের পোশাক পরে সাজা, মজার সব আয়োজন; ট্রিক-অর-ট্রিটের পাশাপাশি কুমড়া দিয়ে সাজানোও হ্যালোইনের অন্যতম পরিচিত রীতি। উৎসবের আমেজে মেতে ওঠেন শোবিজ তারকারাও।
এবার হ্যালোইন উপলক্ষে এমনই এক উদযাপনে ঘুরে বেড়ালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন স্পর্শিয়া। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিলের একটি ফার্মে কমলা রঙের কুমড়া নিয়ে মেতে উঠেছেন অভিনেত্রী।
একটি ছবিতে মাথার ওপর কুমড়া রেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন তিনি। এ সময় তার চারপাশে অসংখ্য কুমড়া দেখতে পাওয়া যায়।
অন্য একটি ছবিতে স্পর্শিয়াকে গাড়ি থেকে একটি পোজ নিতে দেখা যায়। যেখানে মাথা বরাবর সাদা দাগ দিয়ে শিং এঁকেছেন; স্নিগ্ধ লুকে ফুটিয়ে তুলেছেন হ্যালোইনের আবহ। শুধু কৃত্রিম কুমড়ার বাগানই নয়, ছবির সঙ্গে দেখা গেছে হ্যাপি হ্যালোইন লেখা একটি সাজানো বোর্ড, পাপেট ও সূর্যমুখী ফুলের বাগানও।