দেশি রাস্তার কুকুরকে কেন্দ্র করে ভিন্নধর্মী গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির নাম ‘জানোয়ার’। ২০২১ সালে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ পাঁচ বছর আটকে ছিল সিনেমাটির কাজ। অবশেষে নতুন পরিচালক ও একঝাঁক নবাগত অভিনয়শিল্পী নিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।
সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘জানোয়ার’ সিনেমার গল্প অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। তবে সিনেমার প্রায় ৭০ শতাংশ দৃশ্যজুড়ে দেশি রাস্তার কুকুর থাকায় নির্মাণকাজ শুরু করতে গিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। গল্পের প্রয়োজনে কুকুরগুলোর উপস্থিতি, আচরণ এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরার জন্য প্রয়োজন ছিল প্রশিক্ষিত দেশি কুকুরের। কিন্তু দীর্ঘ চেষ্টা করেও উপযুক্ত কুকুরের সন্ধান পাওয়া যায়নি।
এমনকি জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ১০টি প্রশিক্ষিত দেশি কুকুর সরবরাহ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছিল। তবে তাতেও আশানুরূপ সাড়া মেলেনি। ফলে একপর্যায়ে সিনেমাটির কাজ স্থগিত রাখতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান।
শুধু কুকুরের ব্যবস্থাপনাই নয়, গল্পের চরিত্রগুলোর সঙ্গে মানানসই অভিনয়শিল্পী খুঁজে পাওয়াও ছিল আরেকটি বড় চ্যালেঞ্জ।
জাজ মাল্টিমিডিয়া জানায়, গত কোরবানির ঈদের সময় তরুণ নির্মাতা জাহিদ জুয়েলের সঙ্গে বৈঠকের পর নতুন করে প্রাণ ফিরে পায় দীর্ঘদিন আটকে থাকা সিনেমাটি। প্রতিষ্ঠিত নায়ক-নায়িকার পরিবর্তে গল্পের চরিত্রের সঙ্গে মানানসই নতুন মুখ নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন পরিচালক। তার পরিকল্পনায় আস্থা রেখে নতুন করে কাজ শুরু করে জাজ। দীর্ঘ চার মাসের চেষ্টায় খুঁজে পাওয়া যায় কাঙ্ক্ষিত নবাগত নায়ক ও নায়িকাকে।
১৯৬৫ থেকে ১৯৯০ সালের প্রেক্ষাপটে ‘জানোয়ার’
সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীতেও রয়েছে ভিন্নতা। ১৯৬৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘জানোয়ার’। সিনেমার গুরুত্বপূর্ণ একটি অংশজুড়ে রয়েছে ১৯৬৫ সালের সদরঘাটের জেটি।
সেই সময়ের পরিবেশ, লোকেশন ও কুকুরের দৃশ্যগুলো বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) প্রযুক্তি। বাস্তব অভিনয়শিল্পীরা গ্রিন স্ক্রিনের সামনে অভিনয় করেছেন এবং নিজেদের ডাবিং নিজেরাই করেছেন। পরে প্রযুক্তির সহায়তায় তাদের অভিনয়ের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে গল্পের সময়কাল ও পরিবেশ।
১৫০ অভিনয়শিল্পী, থাকছেন একঝাঁক নতুন মুখ
চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে ‘জানোয়ার’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত সাজ ও আবন্তিকাসহ অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকারসহ আরও অনেকে।
সিনেমাটির মূল ভাবনায় রয়েছেন শাহ আলম সরকার। কাহিনি ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।