জুলাই আন্দোলনের সময় শরীরে নয়টি গুলি লেগে আহত হওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন নূর হোসেন নামে এক যুবক। তবে পুলিশি তদন্তে দেখা গেছে, তিনি আদৌ আহত হননি। মামলায় জমা দেওয়া তার চিকিৎসার কাগজপত্রও ভুয়া বলে তদন্তে উঠে এসেছে।

এ মামলায় শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গত ২৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আদালতে এ প্রতিবেদন জমা দেন।

তদন্ত কর্মকর্তা বলেন, বাদী ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে মামলা করেছেন। আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

মামলার আট আসামিকে গ্রেপ্তার দেখানো হলেও তারা আগে থেকেই অন্য মামলায় কারাগারে ছিলেন। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

বাদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বলেন, পুলিশের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আদালত চাইলে ব্যবস্থা নিতে পারেন।

২৭ বছর বয়সী নূর হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, আদালত চূড়ান্ত প্রতিবেদন দেখে বাদীর প্রতি নোটিশ জারির আদেশ দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাবেক সহসভাপতি সলিম উল্লাহ পাটোয়ারী, ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, মিলন হোসেন, মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান তামান্না ও স্বপ্না খন্দকার।

ভুয়া কাগজপত্রে মিথ্যা মামলা

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নূর হোসেন এজাহারের সঙ্গে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তদন্তে ওই হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

তদন্ত কর্মকর্তা জানান, মামলায় জমা দেওয়া কাগজপত্রগুলো হাসপাতালের নয়। কারণ, হাসপাতালের জরুরি বিভাগের ব্যবস্থাপত্র কম্পিউটারে টাইপ করা হয় না; চিকিৎসকেরা হাতে লিখে থাকেন।

এ ছাড়া নূর হোসেনের ব্যবহৃত ক্যাশ মেমো নম্বর দিয়ে ৫৪ বছর বয়সী আব্দুস সাত্তার নামে একজন চিকিৎসা নিয়েছিলেন। অন্যদিকে, তার ব্যবহৃত আইডি নম্বরের বিপরীতে ৩২ বছর বয়সী জুয়েল নামে আরেকজন রোগীর তথ্য পাওয়া যায়।

তদন্তে নূর হোসেনের চিকিৎসার কাগজপত্রের সত্যতা পাওয়া যায়নি। এমনকি জুলাই অভ্যুত্থান-২০২৪-এ আহতদের সরকারি গেজেটেও তার নাম ছিল না।

এসব কারণে নূর হোসেন প্রকৃতপক্ষে আহত হননি এবং আহত হওয়ার মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করেছেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

চূড়ান্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তদন্ত, সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় মামলার অভিযোগ মিথ্যা বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

যা বলছেন আইনজীবীরা

মামলার আসামি মিলন হোসেনের আইনজীবী এ এইচ এম হাসিবুজ্জামান হাসিব বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক চাপ ও ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে অনেককে মামলায় আসামি করার ঘটনা ঘটেছে। এ ধরনের হয়রানির শিকার হয়েছেন বহু নিরপরাধ মানুষ।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিচার হওয়া প্রয়োজন। তবে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, আইনজীবী জান্নাতুল বর্ণা সুমির ওকালতনামা ব্যবহার করে মামলাটি করা হয়েছিল। তিনি বলেন, অনেক সময় সিনিয়র আইনজীবীরা জুনিয়রদের ওকালতনামা ব্যবহার করেন। জুলাই আন্দোলনের মামলাকে কেন্দ্র করে মামলা বাণিজ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এ ধরনের কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, অনেক সময় মক্কেলরা আইনজীবীদের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরেন না।

মামলার অভিযোগে যা বলা হয়েছিল

মামলার এজাহারে নূর হোসেন দাবি করেছিলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ময়ূর ভিলা এলাকায় আন্দোলনে অংশ নেন।

এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানো হয়। এতে তার পিঠে ছয়টি, বাম পায়ের হাঁটুর ওপর দুটি এবং ডান পায়ের হাঁটুর পাশে একটি গুলি লাগে বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে বলা হয়, গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। এ সময় আসামিরা তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আসামিদের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২৪ সালের ১ ডিসেম্বর শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা করেন নূর হোসেন।