ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনের জয়ের পর জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন রাশেদ খাঁন।

 তিনি মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানিয়ে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ড ও ধর্মীয় অবস্থান নিয়ে একাধিক সমালোচনা করেন। 

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দিবে না। অভিনন্দন এমপি মির্জা ফয়সল আমীন....!’ জামায়াতের নেতাদের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ‘জনগণ বুঝে গেছে যে, জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছে।’ দলটির নেতাদের বিরুদ্ধে পরকীয়ার সংবাদ প্রকাশ, রোজা ও পূজাকে একইভাবে দেখার মনোভাব এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বক্তব্য নিয়েও অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের নেতারা নিজের দলের নেতাকর্মীদেরই জান্নাতের পথ দেখাতে হিমশিম খাচ্ছেন। এমন একটি দল কীভাবে জনগণকে হেদায়েতের পথ দেখাবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

পোস্টে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের বক্তব্য উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা পথভ্রষ্ট এমন মন্তব্য করেছেন খতিব। এ ছাড়া জামায়াতের ধর্মীয় অবস্থান, শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রশ্ন এবং দলটির নেতাদের বিদেশিদের সঙ্গে বৈঠক নিয়েও সমালোচনা করেন তিনি।