সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সময় জাপানের সঙ্গে একাধিক চুক্তি, ঋণচুক্তি ও সমঝোতা হলেও সব ‘উদ্যোগের সুফল একই গতিতে’ বাস্তবায়িত হয়নি। কোথাও প্রকল্পের কাজ দীর্ঘায়িত হয়েছে, কোথাও প্রশাসনিক ও আর্থিক জটিলতা তৈরি হয়েছে। কিন্তু এবারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সম্ভাব্য বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও শিল্পায়নের যে লক্ষ্য সামনে এসেছে, তা বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকে নতুন পর্যায়ে নেওয়ার সুযোগ তৈরি করেছে। তবে, জাপান থেকে প্রত্যাশিত বিনিয়োগ আনাই চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সুযোগকে বাস্তব সাফল্যে রূপ দিতে হলে আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 

২০২৩ সালের এপ্রিলে শেখ হাসিনার জাপান সফরে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বড় অঙ্কের অর্থায়ন ও কূটনৈতিক ঘোষণার পাশাপাশি প্রকল্পের ব্যয়, সময়সীমা এবং বাস্তবায়নের মান নিয়ে প্রশ্নও দেখা দেয়। ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের জাইকা-অর্থায়িত ছয়টি বড় প্রকল্পে নকশাগত সমস্যা, ব্যয় নিয়ে বিরোধ এবং বাস্তবায়নে বিলম্বের কথা উঠে আসে। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং ঢাকার মেট্রোরেল প্রকল্পসহ কয়েকটি প্রকল্প এসব জটিলতার মুখে পড়ে। অর্থাৎ, চুক্তি ও অর্থায়নের ঘোষণা থাকলেও প্রকল্পের সুফল নিশ্চিত হয়নি। 

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনও জাপানের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের ব্যয় নিয়ে সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বলেন, জাপানি কোম্পানিগুলোর দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও কিছু প্রকল্পের ব্যয় নিয়ে উদ্বেগ রয়েছে; সেই ব্যয়ের কারণ ও দায় কার, তা পুরোপুরি স্পষ্ট নয়। বাংলাদেশ-জাপান সম্পর্ককে শক্তিশালী রাখার পাশাপাশি প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ড. মুহাম্মদ ইউনূসের ২০২৫ সালের জাপান সফরেও বড় অঙ্কের আর্থিক সহযোগিতা আসে। অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতায় ৪১৮ মিলিয়ন ডলার, জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথ উন্নয়নে ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তি কর্মসূচিতে ৪.২ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। মোট প্যাকেজের মূল্য ছিল ১.০৬৩ বিলিয়ন ডলার। কিন্তু এই অর্থায়নের বড় অংশ নির্দিষ্ট প্রকল্পের ঋণ, তাৎক্ষণিক অনুদান নয়। রেলপথ প্রকল্পের সুবিধা চালুর লক্ষ্য ২০৩০ সালের জুন হওয়ায় সফরের পরপরই এর পূর্ণ সুফল পাওয়ার সুযোগ ছিল না।

ইউনূস সরকারের সময় জাপান-অর্থায়িত প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে রাজনৈতিক পরিবর্তন, অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণ আলোচনার কারণে জাপানের কয়েকটি বড় প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনায় স্থবিরতার কথা বলা হয়। এতে বোঝা যায়, অন্তর্বর্তী সরকারের সময় জাপানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রশাসনিক সীমাবদ্ধতা সব উদ্যোগকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে এসব বিলম্বের সব দায় শুধু ইউনূস সরকারের ওপর চাপানোও যথার্থ হবে না; প্রকল্পগুলোর কিছু সমস্যা আগের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় থেকেই চলছিল। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের জাপান সফরে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ২৭ অক্টোবরের বৈঠকের পর দুই দেশের যৌথ বিবৃতিতে আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি খাতের সম্ভাব্য ৬.৩৩ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা তুলে ধরা হয়। জাপান শিগগিরই বাংলাদেশে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহও জানিয়েছে। তবে এটি ইতিমধ্যে বাংলাদেশে আসা বিনিয়োগ নয়; বরং সম্ভাব্য বিনিয়োগের পূর্বাভাস, যা বাস্তবায়িত হলে শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখবে। 

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশ প্রতিনিধি কাজুয়াকি কাতাওকা প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘নতুন সরকার গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগে আগ্রহ বাড়িয়েছে’। তাঁর মতে, বড় জাপানি কোম্পানি ও নির্বাহীরা বাংলাদেশে বাজার যাচাই এবং সম্ভাব্য বিনিয়োগের সম্ভাব্যতা সমীক্ষা করতে আগ্রহী হয়ে উঠেছেন। বাংলাদেশের জন্য কাজুয়াকি কাতাওকা’র এই বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ বিদেশি বিনিয়োগ শুধু সরকারপ্রধানের সঙ্গে বৈঠক বা সমঝোতার ওপর নির্ভর করে না; বিনিয়োগকারীদের আস্থা, নীতির ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিবেশও বিনিয়োগের জন্য সমান গুরুত্বপূর্ণ।

জাপান সফরে তারেক রহমান জাপানি ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের জ্বালানি, গাড়ি উৎপাদন, প্রযুক্তি, উচ্চগতির রেল, লজিস্টিকস ও কৃষিপ্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। জেট্রোর আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে তিনি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোও স্বীকার করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জাপানি কোম্পানিগুলো নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, কার্যকর অবকাঠামো এবং পূর্বানুমানযোগ্য শুল্ক ও করব্যবস্থাকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। তিনি এসব বাধা দূর করার অঙ্গীকার করেন। এই অবস্থান বাস্তবায়িত হলে আগের প্রকল্পগুলোর দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকাও বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে শক্তিশালী প্রতিষ্ঠান ও উন্নত শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘আমলাতান্ত্রিক প্রক্রিয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে বিলম্ব হয়েছে’। তবে তিনি জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে মৌলিক মতবিরোধ রয়েছে—এমন ধারণা নাকচ করে দেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে সরকারি পর্যায়ে যে ছয়টি সহযোগিতামূলক দলিল স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, কৃষি, দক্ষতা উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ সহযোগিতার সমঝোতা স্মারক, জলবায়ু সহযোগিতার অভিপ্রায়পত্র এবং উপকূলীয় নিরাপত্তার জন্য সর্বোচ্চ ১৩.৪২ মিলিয়ন ডলারের অনুদান চুক্তি রয়েছে। পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও উপজেলা পর্যায়ের উন্নয়নে মোট ২৯৫ মিলিয়ন ডলারের দুটি ঋণ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেসরকারি খাতে আরও ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলো বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা বাড়ালেও প্রতিটি উদ্যোগের প্রকৃত মূল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। 

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নও নতুন সুযোগ তৈরি করতে পারে। অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানের মতে, চুক্তিটিকে শুধু পণ্য বাণিজ্যের দৃষ্টিতে বিচার করা উচিত নয়; সেবা, বিনিয়োগ ও প্রযুক্তির ক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে। তিনি বলেছেন, শুল্কসুবিধার পূর্ণ সুফল পেতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, রপ্তানির বৈচিত্র ও প্রতিযোগিতার ক্ষমতা বাড়াতে হবে। অর্থাৎ, তারেক রহমানের সফরে তৈরি হওয়া সুযোগকে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সাফল্যে রূপ দিতে হলে দেশীয় শিল্পকেও প্রস্তুত হতে হবে।