৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিপুল বিনিয়োগ প্রস্তাব এবং দেশের বেকার যুবসমাজের জন্য প্রায় ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির আশাপ্রদ বার্তা নিয়ে চার দিনের জাপান সফর শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ এই রাষ্ট্রীয় সফর শেষে গতকাল বৃহস্পতিবার রাতেই ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন তিনি। সফরের শেষ দিনে বিশ্বখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটার প্রধান কারখানা পরিদর্শন এবং জাপানের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ফেরার পথে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের চেয়ে ৫ ঘণ্টা বিলম্বে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। মানচিত্রদেখুন


টয়োটার কারখানা ও প্রথম প্রাইভেট কার পরিদর্শন 
সফরের শেষ দিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জাপানের নাগোয়া সিটিতে বিশ্বখ্যাত অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার প্রধান কারখানা (মোতোমাচি প্ল্যান্ট) ও সংযোজন ইউনিট পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, এ সময় প্রধানমন্ত্রী কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। পরিদর্শনকালে টয়োটা মোটর কর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মায়েদা, টয়োটা সুশো কর্পোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে টয়োটার সংগ্রহশালায় সংরক্ষিত প্রতিষ্ঠানটির ঐতিহাসিক প্রথম প্রাইভেট কার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছালে টয়োটার কর্মকর্তারা তাকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, ১৯৩৫ সালে তৈরি হয় টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োটা মডেল এ১’। এরই ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি ‘টয়োটা মডেল এএ’, যার প্রতিরূপ বর্তমানে টয়োটা সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।