বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ নদে কেনো এমন প্রশ্ন এখন সবার মুখে। নিখোঁজ হওয়ার পরদিন রাজধানীর উত্তরখানে তুরাগ নদের পানিতে ভেসে ওঠে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ। পরিবারের সন্দেহ, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশ সুরতহাল রিপোর্টে বলছে, ‘শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য।’ একজন সাবেক সামরিক কর্মকর্তার এমন মৃত্যু নতুন করে সামনে এনেছে পুরোনো এক উদ্বেগ। দেশের নদ-নদীতে একের পর এক মরদেহ উদ্ধারের নেপথ্যে আসলে কী ঘটছে? দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি হত্যার পর আলামত গোপনের কোনও সংঘবদ্ধ কৌশল?
তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা, কর্ণফুলী কিংবা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও খাল—কোথাও নিখোঁজের কয়েক দিন পর মিলছে অর্ধগলিত মরদেহ, কোথাও হাত-পা বাঁধা, আবার কোথাও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হচ্ছে মানুষের মরদেহ। অনেকের পরিচয় মিলছে না, কারও মৃত্যুর কারণ থেকে যাচ্ছে অজানা। এই ঘটনাগুলোর সবই হত্যাকাণ্ড নয়। তবে উদ্ধার হওয়া কিছু মরদেহের সঙ্গে হত্যার যোগসূত্র পাওয়ায়, অপরাধের আলামত নিশ্চিহ্ন করতে নদী ব্যবহারের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারবহির্ভূত হত্যা, গুম ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগও আলোচনায় আসছে।
নৌপুলিশ সদর দফতরের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসেই ৪৩০টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এর মধ্যে ১১৬টির পরিচয় পাওয়া যায়নি। আরও ১০৪ জনের মৃত্যুর কারণ বের করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত মরদেহের মধ্যে ঢাকা অঞ্চলে ৭৮টি, বরিশালে ৬৩টি এবং নারায়ণগঞ্জে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিগুলো অন্যান্য এলাকার।
নদীতে মরদেহ উদ্ধারের ঘটনা নতুন নয়। নৌপুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে দেশের বিভিন্ন নদ-নদী থেকে ২ হাজার ৬৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৩৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সময়ে হত্যা মামলা হয়েছে ৩৯২টি। এর মধ্যে চলতি বছর ৫৭টি হত্যা মামলা হয়েছে।
তাহসিফ সৌরির মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন
বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ। এর আগের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক বন্ধু বাসায় এসে তাহসিফকে ডাকেন। মাকে নিচে গিয়ে বন্ধুর সঙ্গে কথা বলে আসার কথা জানিয়ে বের হয়েছিলেন তাহসিফ। এরপর আর ফিরে আসেননি। ছেলের মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে পারছেন না বাবা। তার সন্দেহ, তাহসিফকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে কারা কিংবা কী কারণে এমন ঘটনা ঘটাতে পারে, তা তিনি নিশ্চিত করতে পারেননি। পুলিশের সূত্র জানায়, তাহসিফ মাঝে-মধ্যে রাজাবাড়ী ঘাট এলাকায় যেতেন।
ঢাকা জেলা নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, তাহসিফের শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সুরতহাল প্রতিবেদনে নাক দিয়ে রক্ত বের হওয়া এবং পেট ফোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফল পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনও (পিবিআই) তথ্য সংগ্রহে যুক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, একটি মরদেহ কোথায় পাওয়া গেছে, সেটি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি মৃত্যুর আগে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বশেষ অবস্থান শনাক্ত করা। মোবাইল ফোনের তথ্য, আশপাশের সিসিটিভি ফুটেজ, সম্ভাব্য প্রত্যক্ষদর্শী, নিখোঁজ-সংক্রান্ত জিডি এবং ডিএনএ নমুনার সমন্বিত বিশ্লেষণ অনেক ক্ষেত্রে তদন্তকে এগিয়ে নিতে পারে।
একইসঙ্গে হত্যাকাণ্ডের সন্দেহ রয়েছে—এমন ঘটনায় শুধু মরদেহ উদ্ধারের স্থানকে কেন্দ্র করে তদন্ত সীমাবদ্ধ না রেখে সম্ভাব্য ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগের বিষয়গুলোও খতিয়ে দেখা প্রয়োজন।
নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের তথ্য দেশব্যাপী অনুসন্ধানযোগ্য একটি সমন্বিত ব্যবস্থায় সংরক্ষণ করা গেলে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষেও পরিচয় শনাক্তের সুযোগ বাড়তে পারে বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা।