দখলদার ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষুব্ধ হয়ে তাকে সরাতে দলে দলে ভোট দিতে ভোট কেন্দ্রে যাচ্ছেন ইসরায়েলি আরব বেদুঈনরা।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের নির্বাচন হচ্ছে।
ইসরায়েলের যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে ২০ শতাংশ হলেন ফিলিস্তিনি ইসরায়েলি। এছাড়া সেখানে আরব বেদুঈন ও দ্রুজদের বসবাস রয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে দক্ষিণাঞ্চলের রাহাত নামে একটি শহরের বাসিন্দারা বলেছেন, তারা বেন গিভিরের ওপর ক্ষুব্ধ হয়ে ভোট দিতে যাচ্ছেন। এক বাসিন্দা বলেছেন, বেন গিভির তাদের একতাবদ্ধ করেছে তার নিজের কার্যক্রমের মাধ্যমে।
টাইমস অব ইসরায়েল বলেছে, আরব বেদুঈনদের মধ্যে যারা ভোট দিতে এসেছেন তাদের মধ্যে অনেক নারী রয়েছে। যা নজিরবিহীন। আগে এত বেদুঈন নারীদের ভোট দিতে আসতে দেখা যায়নি।
শহরটির বাসিন্দারা বলেছেন, নেতানিয়াহুর বর্তমান সরকার বিপুল পরিমাণ ঘরবাড়ি ভেঙে ফেলেছে। আরব অধ্যুষিত এলাকাগুলোতে অস্ত্রের সহিংসতা থামাতে ব্যর্থ হয়েছে এবং সাবেক সরকারের আমলে তাদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করা হয়েছে। যা তাদের ক্ষুব্ধ করে তুলেছে।
একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে বলেছেন, শহরটির অর্ধেক বাসিন্দা সকালেই নিজেদের ভোট দিয়েছেন। যেখানে আগের নির্বাচনগুলোতে সন্ধ্যার পর ভোটের চাপ বাড়ত।