রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীরে ঝোপের পাশ থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। 

গতকাল সোমবার (২৬অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশে অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের কাছে হেরোইনগুলো পড়ে থাকতে দেখে সেগুলো উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, আশপাশে খোঁজাখুঁজি করেও হেরোইনের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে হেরোইনগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হেরোইনের মালিকের সন্ধান পেতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।