মুক্তির প্রথম দিনে ভারতীয় এই কন্নড় সিনেমার আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রদর্শনী ছিল মাত্র ৬০টি। এমন শুরু দেখে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশা করার সুযোগ ছিল না। অথচ সেই সিনেমাই মুক্তির পর দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে; আর বক্স অফিসে বড় সাফল্য পাচ্ছে।
মাত্র তিন কোটি রুপির কম বাজেট নিয়ে মাঠে নেমেছিলেন নির্মাতা মনোজ কুমার। নির্মাণ করেন ‘প্রেমাদা ওরালি’। এই সিনেমাটিই এখন ভারতের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনায়; কারণ বক্স অফিসে এর বিশাল আয়।
কন্নড় সংবাদ মাধ্যম নিউজ কর্ণাটকের এক প্রতিবেদনে উঠে এসেছে এই সিনেমার আয় ও সাফল্যের নেপথ্যে থাকা গল্প। জানানো হয়েছে, মুক্তির ২৯ দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় ছাড়িয়েছে ১১৪ কোটি রুপি।
প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ দিকে সীমিতসংখ্যক প্রদর্শনী নিয়ে প্রেক্ষাগৃহে যাত্রা শুরু করে ‘প্রেমাদা ওরালি’। প্রথম দিনে আয় কম হলেও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে।
পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে ভারতের বাজারে ‘প্রেমাদা ওরালি’ আয় করে ৬ কোটি ২৫ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ২৭ কোটি ৭৫ লাখ রুপিতে, আর তৃতীয় সপ্তাহে আসে ৩৯ কোটি রুপি।
মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১০ কোটি
চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে ভালো অবস্থান ধরে রাখে সিনেমাটি। মুক্তির ২২তম থেকে ২৯তম দিন পর্যন্ত আট দিনে ছবিটির আয় হয়েছে মোট ৩০ কোটি ৫০ লাখ রুপি। অর্থাৎ, এই আট দিনে সিনেমাটির দৈনিক গড় আয় প্রায় ৩ কোটি ৮১ লাখ রুপি, যা প্রায় ৪ কোটির কাছাকাছি। ২৯তম দিনে অবশ্য আয় কমে দাঁড়িয়েছে আনুমানিক ২ কোটি রুপিতে।