অভিনেত্রী সাই পল্লবী। চরিত্রের প্রয়োজনে চুল ছোট করেছেন। নতুন সিনেমা ‘ওএম: চ্যাপ্টার ১ উধিরাম’-এ একজন সিবিআই কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্রের সঙ্গে মানানসই লুক আনতে চুল কাটার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তবে তার এই পরিবর্তনে রীতিমতো চমকে যান বাবা-মা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চুল ছোট করার অভিজ্ঞতা জানিয়েছেন সাই পল্লবী। তিনি জানান, গল্প শোনার পর চরিত্রটির উপস্থাপন ও প্রয়োজন বুঝেই চেহারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। গল্পটি এতটাই পছন্দ হয়েছিল যে চরিত্রের জন্য চুল কাটতেও আপত্তি ছিল না তার।

অভিনেত্রীর কথায়, ‘আমি চুল কেটেছি। গল্পটি শোনার পর এবং আমার চরিত্রটি কীভাবে উপস্থাপন করা হবে, তা বোঝার পর সেই অনুযায়ী নিজেকে বদলে নিয়েছি। গল্পটি আমার এত ভালো লেগেছিল যে এই চরিত্রের জন্য চুল কাটতেও রাজি হয়েছিলাম। চুল কাটার পর প্রথমে ভিডিও কলে মাকে আমার নতুন চেহারা দেখাই। তিনি বেশ অবাক হয়ে যান।’

তিনি বলেন, ‘কেন এমন করেছি, তা নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে কল কেটে দেন। পরে বাবা ফোন করে জানতে চান, আমি পরচুলা পরেছি কি না। তাকে বুঝিয়ে বলি, চরিত্রের জন্যই চুল কেটেছি। আমার নতুন চেহারার সঙ্গে মানিয়ে নিতে তাদের বেশ কিছুটা সময় লেগেছিল।’

‘ওএম: চ্যাপ্টার ১ উধিরাম’ সিনেমায় সাই পল্লবীকে দেখা যাবে অবৈধ লাল চন্দনকাঠের ব্যবসা ও পাচারের ঘটনা তদন্তে নিয়োজিত একজন সিবিআই কর্মকর্তা হিসেবে। এতে কাঠুরিয়ার চরিত্রে অভিনয় করছেন ধানুশ। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন মাম্মুটিও। আরও অভিনয় করেছেন শ্রীলীলা ও সঞ্জয় স্বরূপ।

এ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নাসিরুদ্দিন শাহের। ধানুশের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছেন শ্রদ্ধা আগরওয়াল ও আজমত জগমাগ।