শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির চেস্টার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী বিলাল কাজীকে চেস্টার ক্রাউন কোর্টে ওই সাজা দেওয়া হয়।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের সূত্র ধরে ব্রিটিশ পুলিশের অনলাইন শিশু যৌন নিপীড়নের তদন্তে দেশজুড়ে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। এর পাঁচ বছর পর অনলাইনে কিশোরীদের গ্রুমিং, যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল করার অপরাধে ২৭ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চেশায়ার কনস্টেবলারি বলেছে, অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঘটনায় তাদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তদন্ত; যার মাধ্যমে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের ২৮টি এলাকাজুড়ে মোট ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সঙ্গে প্রতারণা করতেন কাজী। ভুক্তভোগীদের তিনি বলতেন, তারা নিজেদের সমবয়সী কোনো কিশোরের সঙ্গেই কথা বলছে। এরপর তিনি শিশুদের বিশ্বাসকে কাজে লাগিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং কিশোরীরা পরবর্তীতে অন্যান্য দাবি মানতে অস্বীকার করলে সেই সব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
২০২১ সালে এক কিশোরী ডার্বিশায়ার পুলিশকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানানোর পর এই মামলার সূত্রপাত হয়। ১৩ বছর বয়স থেকেই সে স্ন্যাপচ্যাটে কাজীর সঙ্গে যোগাযোগ রাখছিল, অথচ সে জানত না যে কিশোর হিসেবে নিজেকে উপস্থাপন করা ওই ব্যক্তি আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ।
এরপর ২০২২ সালের মে মাসে চেশায়ার কনস্টেবলারির বিশেষজ্ঞ অনলাইন শিশু নির্যাতন তদন্তকারীরা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেন। ততদিনে কাজী ব্রিটেন ছেড়ে চলে যান। পরে ২০২৩ সালের জুলাইয়ে তিনি যুক্তরাজ্যে ফিরে এলে পুলিশ হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
তদন্তকারীরা তার জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, এই নির্যাতনের ঘটনা আরও বড় কোনো অপরাধ চক্রের অংশ। ব্যবহারকারীর নাম ও অন্যান্য ডিজিটাল রেকর্ড ব্যবহার করে বিশেষজ্ঞ কর্মকর্তারা ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করেন। পরবর্তীতে তারা ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করেন এবং পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেয়।
নিশ্চিত হওয়া ভুক্তভোগীরা ২৮টি পুলিশ অঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন; যার ফলে চেশায়ারের গণ্ডি পেরিয়ে অন্যান্য অঞ্চলেও তদন্ত চালাতে হয় তদন্তকারীদের।