দেশে ২০২৪-২৫ অর্থবছরে দেশে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানান, ওই অর্থবছরে বাংলাদেশ থেকে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং এর বিপরীতে ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকাচিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির (মহিলা আসন-১০) এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি করা হয়েছে।

তৈরি পোশাকের বাইরে নতুন খাতকে সুবিধা প্রদান: রপ্তানি আয়ের ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে অর্জিত হওয়ায় একক নির্ভরতা কমাতে তৈরি পোশাকের মতো সুবিধা অন্য খাতগুলোতেও সম্প্রসারণ করা হচ্ছে।

১৮ খাতের আংশিক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিনিময়ে বন্ডেড সুবিধা দিয়ে এনবিআর থেকে আদেশ জারি করা হয়েছে।
‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’র আদলে জেলাভিত্তিক রপ্তানি ত্বরান্বিত করতে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এর আওতায় ৬৮টি জেলা থেকে ৬৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশন ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তা মোকাবিলায় ইতোমধ্যে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আরসিইপি, ইউএই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।