আর্জেন্টাইন কোচের অধীনে দল কতটা ঘুরে দাঁড়াতে পারে, তা দেখার পরই নতুন চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে চান পর্তুগিজ মিডফিল্ডার। এ কারণে আপাতত চুক্তি নবায়নের আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ আগামী মৌসুমের শেষ পর্যন্ত। তবে চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের। এরই মধ্যে ক্লাবটির দেওয়া দুটি চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
ইউনাইটেডের সাম্প্রতিক পারফরম্যান্স ও ক্লাব পরিচালনার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফার্নান্দেস। বিশেষ করে স্যার জিম র্যাটক্লিফ ও ইনিওসের অধীনে ক্লাবের দলবদল পরিকল্পনা নিয়ে তার হতাশা রয়েছে। পচেত্তিনোকে ভালো কোচ মনে করলেও তাকে দল গড়ার জন্য যথেষ্ট সমর্থন দেওয়া হবে কি না, সেটি দেখতে চান তিনি।
গ্রীষ্মকালীন দলবদলে একজন লেফটব্যাক না কেনার বিষয়টিও খেলোয়াড়দের অসন্তোষের কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ড্রেসিংরুমের সঙ্গে ক্লাবের নীতিনির্ধারকদের দূরত্ব তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ফার্নান্দেসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে আরও এক বছর বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারে ইউনাইটেড। এতে জানুয়ারিতে বিদেশি ক্লাবের সঙ্গে প্রাক্-চুক্তি আলোচনার সুযোগও বন্ধ হবে তার। সৌদি আরবের ক্লাবগুলোর পাশাপাশি তুরস্ক ও ইতালির কয়েকটি দলও তাকে পেতে আগ্রহী বলে খবর রয়েছে।